চলন্ত বাসে তরুণী ধর্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে চলন্ত বাসে এক তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে ওই বাসের চালক দিপু মিয়া (৩০) ও বাসচালকের সহকারী (হেলপার) কাসেম মিয়াকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। কাসেম মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বিদু মিয়ার ছেলে এবং দিপু একই উপজেলার গুরকি গ্রামের আতরাব আলীর ছেলে। গ্রেপ্তারের পর রাত ১১ টার দিকে কাসেমকে মানিকগঞ্জ সদর থানায় আনা হয়। সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, ‘মেয়েটিকে প্রথমে বাসচালক দিপু এবং পরে সে ধর্ষণ করে।’ কিন্তু পুলিশের কাছে ওই তরুণী কাসেমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম জানান, ভুক্তভোগী ওই তরুণী ধর্ষণের অভিযোগ করেছেন। আলামতে ধর্ষণের বিষয়টিও অনেকটা স্পষ্ট বলে মনে হয়েছে। কাসেম ওই তরুণীকে ধর্ষণ করেছে বলে দিপু প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি (দিপু) ধর্ষণে সহযোগিতা করেছেন বলে জানান। ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ফেরিওয়ালা (হকার) হান্নান মিয়া জানান, দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান এলাকায় গতিরোধকের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। তিনি বলেন, পাটুরিয়াগামী শুভযাত্রা পরিবহনের ওই বাসটিতে এক তরুণীর সঙ্গে এক যুবক ধস্তাধস্তি করছে। এ সময় ওই বাসের দরজা-জানালা সব বন্ধ ছিল এবং চালক ছাড়া আর কেউ ছিল না। প্রায় ১০ মিনিট পর বাসটি আবার ফিরে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় তিনি ওই বাসের পেছনে আরেকটি বাসে ওঠেন। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মহাসড়কের মানরা সেতুর কাছে শুভযাত্রা পরিবহনের ওই বাসটি থামিয়ে এক তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তিনিসহ আরও কয়েকজন ব্যক্তি ওই তরুণীকে উদ্ধার করে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে নিয়ে যান।পরিবহন শ্রমিক ইউনিয়নের মানিকগঞ্জের সভাপতি বাবুল সরকার বলেন, টার্মিনালে ওই তরুণীর কাছ থেকে ঘটনা জানার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এরপর পরই পলাতক ওই বাসের চালক দিপুকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়।ডাক্তারি পরীক্ষার জন্য ওই তরুণীকে আজ সন্ধ্যায় সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। কোনো কথা বলতে পারেননি।সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করেন ওই তরুণী। তিনি আশুলিয়ায় একটি বাসায় ভাড়া থাকেন। তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। বাড়ি যাওয়ার জন্য পাটুরিয়া ঘাটের উদ্দেশে গতকাল দুপুরে নবীনগর বাসস্ট্যান্ড থেকে শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ওঠেন। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বাসের অন্যান্য যাত্রীরা নেমে যান। এ সময় কৌশলে ওই তরুণীকে নিয়ে বাসচালক ও তাঁর সহকারী পাটুরিয়ার উদ্দেশে রওনা দেন। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার পর বাসের দরজা-জানালা বন্ধ করে দেন। এ সময় বাসচালকের সহকারী কাসেম মিয়া বাস চালাতে থাকেন। এর পর দিপু মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে ব্যর্থ হয়ে দিপু চালকের আসনে বসেন। চলন্ত অবস্থায় বাসটির ভেতরেই কাসেম মেয়েটিকে ধর্ষণ করে। পরে মানরা সেতুর পশ্চিম পাশে মেয়েটি ফেলে তাঁরা বাসটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে রেখে পালিয়ে যায়।র্যাব-৪ এর একটি দল বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দিপুকে এবং আশুলিয়ার নবীনগর থেকে রাতে কাসেমকে গ্রেপ্তার করে। রাতে মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুল মালেক খান জানিয়েছেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে ওই তরুণী বাদি হয়ে বাসচালক দিপু মিয়া এবং চালকের সহকারী কাসেম মিয়াকে আসামি করে থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেছেন।’