চলন্ত সাইকেলের সঙ্গে কুকুরের ২৪ দিন! (ভিডিও)
চলন্ত সাইকেল আরোহীদের সঙ্গে ২৪ দিনে এক হাজার ১০০ মাইল দৌড়ে বিস্ময় সৃষ্টি করেছে চীনের একটি কুকুর। সিয়াওসা নামের এ কুকুরটি ছিল চীনের সিচুয়ান প্রদেশ থেকে তিব্বতের লাসাগামী একটি সাইকেল-চালক দলের অনুপ্রেরণার উত্স। দীর্ঘ সাইকেল যাত্রার সঙ্গী হিসেবে প্রতিদিন ৩৭ মাইল দৌড়িয়েছে এটি। এভাবে চীনের হুবাই প্রদেশের কেন্দ্রস্থল থেকে তিব্বতের লাসায় পৌঁছেছে কুকুরটি।দীর্ঘ এ যাত্রায় কুকুরটিকে সঙ্গে নেওয়া প্রসঙ্গে সাইকেলের আরোহীদের একজন জিয়াও ইয়ং বলেন, ‘শুরুতে আমরা কুকুরটিকে নিতে চাইনি। কারণ আমাদের ধারণা ছিল, এটি কিছুক্ষণ গিয়েই থেমে যাবে। কিন্তু এটি তার সামর্থ্যের বড় প্রমাণ দিয়েছে এবং পুরো পথেই আমাদের সঙ্গ দিয়েছে। সিচুয়ানের লিতাংয়ে একটি খাড়া পর্বত ছিল। সে সময়টাই একটি খাঁচায় রাখা হয়েছিল এটিকে।’জিয়াও ইয়ং আরও বলেন, ‘সিয়াওসার উদ্যম আমাদের অনেকখানি তাড়িত করেছে। এ কুকুরটির আগ্রহের কারণেই আমরা অবশেষে তিব্বতের লাসার পোতালা প্রাসাদে পৌঁছি। আমরা খুবই উত্ফুল্ল ও ফিরে যেতে উদ্যমী। এখন যে করেই হোক, কুকুরটিকে সঙ্গে নিয়ে ফিরে যাব আমি। কারণ এটি আমাকে এক রকম মনিবই মনে করেছে।’জানা গেছে, চীনে ট্রেনে কুকুর সঙ্গে নিয়ে চলা নিষিদ্ধ। তাই সাইকেল-আরোহী জিয়াও ভাবছে, কুকুরটিকে বিমানে চীনের উহানে পাঠাবেন আর নিজে ট্রেনে চড়ে সেখানে যাবেন। রয়টার্স।