সুশাসনের অভাবের পাশাপাশি সংঘাতমূলক রাজনীতির কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। রাজপথে সংঘাত, হরতাল, দুর্নীতি, হত্যা ও গুমের কারণে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হচ্ছে বলে অভিমত দিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতেরা। তাই অনেক সম্ভাবনা সত্ত্বেও বাংলাদেশ সম্পর্কে উত্সাহ হারাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। এ পরিস্থিতিতে সংকট উত্তরণে তাঁরা রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার তাগিদ দিয়েছেন।আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ অভিমত দেন। বাংলাদেশের সঙ্গে ইইউর অংশীদারের চার দশক পূর্তিতে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া ও পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলামের হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হান বলেন, ‘যেকোনো ব্যক্তির নিখোঁজ হওয়াটা উদ্বেগের। তাই আমাদের প্রত্যাশা থাকবে, দুটি ঘটনার ব্যাপারে সরকার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত চালাবে।’তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সরকার ও বিরোধী দলের রাজনৈতিক সংঘাত সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে হানা বলেন, এ বিষয়টি নিয়ে মতপার্থক্য দূর করতে সরকার ও বিরোধী দলের সংযত আচরণ করা উচিত। তা ছাড়া বিষয়টি সুরাহার জন্য সংসদে ও সংসদের বাইরে তাদের সংলাপে বসা উচিত।বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত চলমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। তবে তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবাধিকার।মানবাধিকার প্রসঙ্গে সুইডেনের রাষ্ট্রদূত আনেলি লিন্ডাল কেনি বলেন, কোনোভাবেই যাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সরকারকে সচেষ্ট হতে হবে। এ জন্য তিনি নাগরিক সমাজ ও গণমাধ্যমকে সজাগ থাকার আহ্বান জানান।সম্মেলনে আরও বক্তব্য দেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আলফোন্স হ্যানিকেন্স, জার্মান রাষ্ট্রদূত হোলগার মাইকেল, ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং, সুইডেনের রাষ্ট্রদূত আনেলি লিন্ডাল কেনি, ইতালির রাষ্ট্রদূত গিওর্গিও গুগলিয়েমিনো, স্পেনের রাষ্ট্রদূত লুইস তেদা চাকোন, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন ও ফ্রান্সের রাষ্ট্রদূত মাইকেল ট্রিনকুইয়ে।