চলমান শৈত্যপ্রবাহ আরও দুদিন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় সারা দেশে তীব্র শীত জেঁকে বসেছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, আগামী দুই দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। তাঁরা জানান, চলতি জানুয়ারি মাসে আরও দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ হতে পারে।ঘন কুয়াশা অব্যাহত থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নৌপথে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। মহাসড়কগুলোতেও একই অবস্থা। শীতার্তদের রক্ষায় শীতবস্ত্র সরবরাহের জন্য দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সরকারের প্রতি দাবি জানিয়েছে।আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশজুড়ে বয়ে যাওয়া মাঝারি শৈত্যপ্রবাহের কারণে এক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে গেছে এবং টানা শীত অনুভূত হচ্ছে। আর ঘনকুয়াশার কারণে সূর্যের আলো কম থাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে আরও দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের অন্যত্র দু-তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। উত্তর ও মধ্যাঞ্চলের এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এ সময়।আবহাওয়াবিদেরা এই পূর্বাভাস পর্যালোচনা করে বলছেন, চলতি মাসের পুরো সময়জুড়ে দেশের উত্তরাঞ্চল, খুলনা, সিলেট বিভাগ ও কুমিল্লা জেলায় থেমে থেমে শীতের তীব্রতা বাড়তে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীতের তীব্রতা বজায় থাকবে। থেমে থেমে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীতে গত এক সপ্তাহে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা ছিল গড়ে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সূর্যের আলো না পড়ায় সর্বোচ্চ তাপমাত্রা কমে গেছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৮ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি স্বাভাবিকভাবেই বছরের সবচেয়ে শীতল মাস—এ কথা উল্লেখ করে সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ গবেষক সুজিত কুমার দেবশর্মা প্রথম আলোকে বলেন, জানুয়ারির শেষ সপ্তাহে সচরাচর সবচেয়ে বেশি শীত পড়ে। সাইবেরিয়ায় অবস্থান করা উচ্চচাপ বলয় থেকে শীতল বায়ুতরঙ্গ চীন হয়ে বাংলাদেশের শ্রীমঙ্গল দিয়ে প্রবেশ করে। এ বছরও একই কারণে শীতের তীব্রতা বেড়েছে। আহ্বান: বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ইসলামী আন্দোলনের নেতারা শীর্তার্ত মানুষের জন্য শীতবস্ত্র সরবরাহ বাড়ানোর জন্য সরকার ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।