চলমান রাজনৈতিক সংকটের সমাধানে বিদেশি হস্তক্ষেপের দরকার নেই। নিজেদের পক্ষেই এই সংকটের সমাধান করা সম্ভব।বিবিসি বাংলাদেশ সংলাপে দর্শকদের প্রশ্নের জবাবে আজ শনিবার এমনটাই বলেছেন অতিথিরা। রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, কবি ও লেখক ফরহাদ মজহার এবং তথ্য কমিশনার সাদেকা হালিম।সংলাপে দর্শক সারি থেকে অর্পিতা হক নামের একজন প্রশ্ন করেন, ‘চলমান রাজনৈতিক সংকট আমরাই সমাধান করতে পারব? নাকি বিদেশি হস্তক্ষেপের প্রয়োজন আছে।’ জবাবে এইচ টি ইমাম, রফিকুল ইসলাম মিয়া ও সাদেকা হালিম বলেছেন, ‘আমাদের সমস্যা আমরাই সমাধান করতে পারব।’ তবে ফরহাদ মজহার বলেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্ব লুটেরা। তারা এই সমস্যার সমাধান করতে পারবে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাবণী খাতুনের প্রশ্ন ছিল, হেফাজতে ইসলাম নারীনীতি বাতিলের যে দাবি করেছে, সেটি বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে সম্ভব কি না?এই প্রশ্নের জবাবে এইচ টি ইমাম দাবি করেন, নারীনীতি প্রণয়ন করার সময় হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীসহ ওলামা-মাশায়েখদের সঙ্গে আলাপ করা হয়েছে। এই নীতির কোনো বিষয় ইসলামের পরিপন্থী বা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নয়। ফরহাদ মজহার বলেন, বিদ্যমান নারীনীতি সারা দেশের নারীদের মতামত নিয়ে করা হয়নি। এটি শহুরে নারীদের জন্য দাতাদের চাপিয়ে দেওয়া একটি নীতি।রফিকুল ইসলাম মিয়া বলেন, নারীনীতির অপব্যবহার হচ্ছে। ইসলামের মূল্যবোধে আঘাত করে কিছু করা যাবে না। সাদেকা হালিম বলেন, হেফাজতে ইসলাম নারীনীতি বাতিলের যে দাবি করেছে, তা সংবিধান-পরিপন্থী। দর্শক সালাউদ্দিন প্রশ্ন করেন, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের মাধ্যমে ভিন্নমত প্রকাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে কি না?জবাবে এইচ টি ইমাম বলেন, মাহমুদুর রহমান স্কাইপ কথোপকথন হ্যাক করেছেন। যে জামায়াত-শিবির দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে, সাংবাদিকতার নীতি-নৈতিকতা অমান্য করে তাদের উত্সাহ ও পৃষ্ঠপোষকতা করেছেন মাহমুদুর রহমান। এ জন্যই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।ফরহাদ মজহার বলেন, সাংবাদিকতার নীতি-নৈতিকতার জন্য নয়, মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে ভিন্নমত দমনের উদ্দেশ্যে। মাহমুদুর রহমানের বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলা দেওয়ার মাধ্যমেই এটা প্রমাণিত হয়েছে। রফিকুল ইসলাম মিয়া বলেন, মাহমুদুর রহমান সাংবাদিকতার নীতি-নৈতিকতা না মানলে প্রেস কাউন্সিলে যাওয়া যেত। যেভাবে তাঁকে কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা পাকিস্তান আমলেও ঘটেনি।সাদেকা হালিম বলেন, মাহমুদুর রহমান উসকানিমূলক সংবাদ পরিবেশন করেছেন। তদন্তের স্বার্থে আমার দেশ পত্রিকার ছাপাখানা বন্ধ রাখা যেতে পারে বলে তিনি মনে করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকবর হোসেন।