চলাচলের পথ ঠিক করতেও রাজনীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় কোন পথে বাস চলবে এবং কোথায় কোথায় থেমে যাত্রী নেবে, তা ঠিক করেন বাসমালিকেরাই। সরকার নামমাত্র চলার অনুমোদন (রুট পারমিট) দিলেও রাজনৈতিকভাবে প্রভাবশালী মালিকদের পছন্দই এ ক্ষেত্রে গুরুত্ব পায়। ঢাকায় বাস চলাচলের অনুমোদন দেয় মহানগর আঞ্চলিক পরিবহন কমিটি (মেট্রো আরটিসি)। পুলিশ কমিশনার পদাধিকার বলে এ কমিটির প্রধান। বিআরটিএ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করে। এ কমিটিতে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের দুজন নেতাও থাকেন। মূলত মালিক-শ্রমিক নেতারাই রুট ঠিক করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন। আরটিসি সূত্র জানায়, ঢাকায় কোন পথে যাত্রী কত চলাচল করে, বাসের চাহিদা কত, সে বিষয়ে কোনো সমীক্ষা বা তথ্য-উপাত্ত নেই আরটিসির। মালিকেরা কোনো পথে বাস চালানোর জন্য আবেদন করলে, সেই পথেই অনুমোদন দেওয়া হয়। আরটিসি শুধু কোন কোন স্থানে বাস থামবে, সেটা ঠিক করে দেয়। কিন্তু সেটাও কেউ মানে না। বর্তমানে আরটিসিতে মালিক সমিতির প্রতিনিধি হিসেবে আছেন সরকার সমর্থক ঢাকা পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েতউল্যাহ। শ্রমিক ইউনিয়নের পক্ষে রয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। ওসমান আলী নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ঘনিষ্ঠ। শাজাহান খান ফেডারেশনের কার্যকরী সভাপতি। এনায়েতউল্যাহর কোম্পানির নাম এনা পরিবহন। এটি মিরপুর থেকে মতিঝিল পথে চলে। শাজাহান খানের পরিবহনের নাম কনক পরিবহন। এটি চলে মিরপুর-আবদুল্লাহপুর পথে। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের কোম্পানি বিহঙ্গ চলে মিরপুর-সদরঘাট পথে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আরটিসির মালিক পক্ষের সদস্য ছিলেন সাইফুল ইসলাম। তিনি ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাসের ঘনিষ্ঠ লোক। তখন চলাচলের পথ ঠিক করতে তাঁর কথাই ছিল বেশি গুরুত্বপূর্ণ। অধিকাংশ বাস-মিনিবাসের মালিক কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা বা প্রভাবশালী মন্ত্রী-আমলার আত্মীয় বলেই আইন না মানার ঘটনা বেশি ঘটছে। ট্রাফিক পুলিশ, যানবাহন চালক-মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীতে অন্তত অর্ধশতাধিক স্থানে বাস না থামানোর নির্দেশনা দেওয়া আছে। কিন্তু কেউ সেগুলো মানছে না। ট্রাফিক পুলিশ বলছে, ব্যবস্থা নিতে গেলেই সমস্যায় পড়তে হয়।