বার্ধক্য এসে বাসা বেঁধেছে শরীরে। কুড়িতেই বুড়ি হয়ে গেছে ঢাকার বাসগুলো। সমন এসেছে রাস্তা ছেড়ে বিশ্রামে যাওয়ার। নগরবাসীর যাপিত জীবনের অনেকখানি জুড়েই যে এই বুড়ো বাসগুলো, তা বোঝা গেল তাদের অনুপস্থিতিতে। বিআরটিএর অভিযান চলাকালে ফাঁকা হয়েছে ঢাকার রাজপথ। যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কি কমেছে, তা শোনাচ্ছেন আলী আসিফ‘ঠাটা রইদের মধ্যে কতক্ষণ খাড়ায়া থাকা যায়? বাসের জন্য আর কতক্ষণ অপেক্ষা করা যায়?’ ফার্মগেট মোড়ে দীর্ঘ সময় বাসের জন্য দাঁড়িয়ে থেকেও কোনো বাসে উঠতে না পারার আক্ষেপটা এভাবেই মেটাচ্ছিলেন আরামবাগের বাসিন্দা নজরুল ইসলাম। ‘এইহানে বাসে উডা আর যুদ্ধে জেতা মোটামুটি সেইম ব্যাপার।’ ফোড়ন কাটলেন পাশে দাঁড়িয়ে থাকা আরেক সহযাত্রী। দুপুরের খররোদ মাথায় নিয়ে ফার্মগেট মোড়ে দাঁড়িয়ে থাকা লোকগুলোর অবস্থা হয়েছে দেখার মতো! ঘাম চুইয়ে পড়ছে মাথা থেকে জামার কলারে। কেউ আবার রোদ থেকে বাঁচার জন্য মাথা গুঁজছে পাশের ওভারব্রিজের ছায়ার নিচে।নগরে এখন ২০ বছর বয়সী বাস তাড়ানোর অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশের দল। রাস্তার মোড়ে মোড়ে তাদের সরব উপস্থিতি থাকায় নীরব হয়ে পড়েছেন পুরোনো বাসের মালিকেরা। আর হবেই বা না কেন, একবার ধরা খেলে তো সোজা ডাম্পিং স্টেশনে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিচালিত এ অভিযান সম্পর্কে বলতে গিয়ে রাশেদ আরমান নামের এক কলেজশিক্ষার্থী মন্তব্য করলেন, ‘আসলে এইটা অভিযান-টভিযান কিচ্ছু না। এই তো কয়েক দিন আগে ঘটা করে চার লেনের রাস্তা চালু করল। এখন কি কেউ লেন মানে? তার জন্য তো পুলিশ কাউরে ফাইন করে না।’রাশেদ আরমানের পাশে দাঁড়িয়ে থাকা সোনিয়া নুসরাত তো পুরো দোষটাই সরকারের ওপর চাপিয়ে দিলেন, ‘তারা পুরোনো গাড়ি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে। কিন্তু মানুষ যাওয়া-আসা করবে কিসে? সে প্রশ্নটা কি তাদের মাথায় ঢোকে না?’ তাঁর পাশে দাঁড়িয়ে থাকা মাঝবয়সী আরেক ভদ্রলোক বললেন, ‘আরে বাবা, সরকারি লোকজন কখনোই পাবলিকের ভালো-মন্দের কথা ভাবে না। আর ভাববেই বা কী করে, তারা তো সরকারি গাড়িতে চলাফেরা করে। যদি পাবলিক বাসে চড়া লাগত, তয় বুঝত, কত ধানে কত চাইল।’অন্য সময় বাসের চালক, হেলপারের সঙ্গে সাধারণ জনগণের বাগিবতণ্ডা হলেও এ সময় তাঁদের সবার সুর প্রায় এক। গাবতলীগামী ২১ নম্বর বাসের হেলপার রানা জানালেন, তাঁর এক বন্ধু হেলপারি করতেন একটা ১০ নম্বর বাসে। কয়েক দিন ধরে গাড়ি রাস্তায় নামেনি বলে তাঁর বন্ধুটা বেকার বসে আছেন। আসলেই তো তাই, বিআরটিএর হিসাবমতে, নগরে প্রায় দেড় হাজারের মতো পুরোনো বাস চলাচল করে। অভিযান শুরু হওয়ার পর থেকে এই বাসগুলোকে আর দেখা যাচ্ছে না রাজপথে। ‘কেউ কি একবারও ভাবতাছে না, যারা পুরোনো বাসগুলান চালায়, তাগো এই কয় দিনের ইনকাম বন্ধ, তাগো পোলাপান কী করতাছে, ঘরে খাওন আছে নাকি?’ অভিযোগের সুরেই কথাগুলো বললেন রশিদ সরকার নামের ১ নম্বর বাসের একজন চালক। শেরাটন হোটেলের ঠিক বিপরীতেই কয়েক দিন ধরে ট্রাফিক পুলিশের পেট্রোল কার দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ট্রাফিক আইন অমান্য করা বাসগুলোতে হাতের ইশারায় কাছে ডেকে কষে একটা মামলা দিলেই বোধহয় তারা শান্তি পায়। তবে মজার বিষয় হলো, অভিযান চলছে পুরোনো বাস-ট্রাক যাতে নগরের রাস্তায় চলতে না পারে, সেটা ঠেকানোর জন্য। তবে কর্তব্যরত ট্রাফিক বাহিনীর দক্ষতার অভাবেই হোক আর বাসমালিকের চতুরতার কারণেই হোক, প্রথম তিন দিনের অভিযানে জব্দ হয়েছে মাত্র ১১টি পুরোনো গাড়ি। বিকেল পাঁচটার পর মোবাইল কোর্টের লোকজন যখন জরিমানার কাগজপত্র গুটিয়ে ব্যারাকে ফিরে যান, ঠিক তখনই পুরোনো বাসগুলো আবার নগরের রাজপথ মুখরিত করে নামে। সাঁঝের আঁধারে চোরের মতো নেমে তারা কিন্তু দিব্যি রাতভর ডাকাতের মতোই যাত্রী আনা-নেওয়া করছে। তবে, চোর পালালে বুদ্ধি বাড়ে বলেই বোধহয়, সকাল সকাল রাস্তায় নেমে পড়ে মোবাইল কোর্টের লোকজন। বাংলামটর মোড়ে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ জানালেন, পুরোনো গাড়ি জব্দ করার অভিযান চলার কারণে এখন তাঁরা নিজেরা অন্তত রাস্তায় গাড়ি সামলাতে আগের মতো হিমশিম খাচ্ছেন না। তবে তিনি নিজেও জানেন, এ অভিযান খুব বেশি দিনের না। আবারও কয়েক দিনের মধ্যেই রাস্তায় চলা শুরু করবে ২০ বছর কিংবা তারও বেশি বয়সের বাস-ট্রাক। আসলেই নগরের যান ব্যবস্থাপনা অনেকটা যে লাউ সেই কদুর মতো। আব্বাস আলী নামের বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা সেটাই বলছিলেন, ‘কয়েক দিন পর পর কিছু একটা না করলে পাবলিক বুঝবে কী করে যে দেশে আইন আছে। সেই আইন মানতে হয়। আইন প্রয়োগকারী সংস্থার লোকজনই আবার বুঝিয়ে দেয়, সেই আইনেরও ফাঁক আছে। গাড়ি রাস্তায় না নামিয়ে রাজধানীর বাইরে কোনো রাস্তার ধারে রেখে এলেই আইনের ফাঁক গলে বের হওয়া যায়।’‘গত কয়েক মাসে একমাত্র বিআরটিসির ১০০টি বাস ছাড়া আর তো কোনো বড় অঙ্কের বাস রাস্তায় নামেনি। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে ঢাকার রাস্তায় নামছে না নতুন কোনো লোকাল বাস। অন্যদিকে কাউন্টার বাসের রুট পারমিট হরদম দেওয়া হচ্ছে। কিন্তু যারা এই কাউন্টারভিত্তিক বাসে চড়া মূল্যের টিকিট কেটে যাতায়াত করে, কেবল তারাই জানে, সেবার দিক দিয়ে এরা লোকালের চেয়ে কোনো অংশে কম নয়।’ বাংলামোটর মোড়ে দাঁড়িয়ে বিজ্ঞজনের মতো বললেন বেসরকারি কোম্পানিতে কর্মরত হাসান শরীফুল নামের এক যুবক। কয়েক দিন পর পর এ ধরনের ‘হঠকারী সিদ্ধান্ত’ যে জনজীবনে কী পরিমাণ ভোগান্তির সৃষ্টি করে, তা কেবল তাঁর মতো ভুক্তভোগীরাই জানেন।