দেশের শারীরিক প্রতিবন্ধী ১০ শতাংশ মানুষ চলাফেরার সমস্যায় আক্রান্ত। তাদের সুস্থ করতে ফিজিওথেরাপিই একমাত্র চিকিৎসা। কিন্তু দেশে ফিজিওথেরাপি শিক্ষা অবহেলিত ও উপেক্ষিত। জমি বরাদ্দ দেওয়ার প্রায় পাঁচ বছরেও রাজধানীর মহাখালীতে স্বতন্ত্র ফিজিওথেরাপি কলেজ নির্মাণ করা হয়নি। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘বাংলাদেশ ফিজিওথেরাপি শিক্ষা ও শারীরিক প্রতিবন্ধী ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ম্যানুয়াল থেরাপি অ্যাসোসিয়েটস (বিএমটিএ) ও আইকন ফিজিও যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনার অর্গানাইজিং কমিটির আহ্বায়ক দলিলুর রহমান বলেন, অসংক্রামক ব্যাধি, যেমন—বাতব্যথা, পক্ষাঘাতগ্রস্ততা, ডায়াবেটিস, স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ), হূদরোগ, অটিজম সমস্যা, নানা ঘটনাসহ সড়ক দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়ে মানুষ শারীরিক প্রতিবন্ধী, পঙ্গু ও বিকলাঙ্গ হয়। এ সংখ্যা বেড়েই চলেছে। তাদের সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি চিকিত্সার বিকল্প নেই। বৈজ্ঞানিক গবেষণায় তা প্রমাণিত ও স্বীকৃত। কিন্তু দেশে ফিজিওথেরাপি চিকিৎসা ও শিক্ষার দুরবস্থা চলছে। ফিজিওথেরাপি পেশার ৫২ বছর পার হলেও এ শিক্ষার জন্য এখন পর্যন্ত দেশে সরকারি স্বতন্ত্র কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্মিত হয়নি। ১৯৮৫ সালে স্নাতক ফিজিওথেরাপি নিয়োগে প্রজ্ঞাপন জারি করা হলেও সরকারি সব হাসপাতালে তাঁদের নিয়োগ দেওয়া হচ্ছে না। ফিজিওথেরাপিস্টের নামে অপেশাদার ব্যক্তিদের দিয়ে রোগীর সর্বনাশ করা হচ্ছে। ঢাকা মেডিকেলসহ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ফিজিওথেরাপি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকারী আবুল হোসেন বলেন, ফিজিওথেরাপি চিকিৎসা উন্নয়নের পূর্বশর্ত কলেজ অব ফিজিওথেরাপি নির্মাণ। কিন্তু কলেজ নির্মাণে সরকারের কোনো আন্তরিকতা নেই। এখন ফিজিওথেরাপিস্টদের পদ দখল করে আছেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসকেরা। শুধু ফিজিওথেরাপি নিয়ে মানুষের সেরে ওঠা সম্ভব। কিন্তু ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসকেরা ব্যথা কমাতে রোগীকে ওষুধ সেবনের পরামর্শ দেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলিম উল্লাহ মিয়া বলেন, দেশের সরকারি হাসপাতালে একসময় ফিজিওথেরাপিস্টের পদ ও বিভাগ ছিল। হঠাৎ করেই এসব বন্ধ হয়ে যায়। এটা বিস্ময়কর। বক্তারা বলেন, ফিজিওথেরাপি শিক্ষা ও চিকিত্সার উন্নয়নে ফিজিওথেরাপি কলেজের দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং সরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দিতে হবে। রোগীর স্বাস্থ্য রক্ষায় স্বতন্ত্র ফিজিওথেরাপি কাউন্সিল গঠন ও মানুষের মধ্যে ফিজিওথেরাপি সম্পর্কে প্রচার চালাতে হবে।