নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সকাল সাতটায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এর পর জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন শেখ হাসিনা। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে এবং দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, সবসময় সব কাজ সঠিক বা নির্দিষ্টভাবে করা সম্ভব হয় না। চলার পথে কিছু অসুবিধা হবেই। কিন্তু এর পরও আমাদের লক্ষ্য ঠিক আছে। জননেত্রী শেখ হাসিনা যে লক্ষ্য নিয়ে কাজ করছেন, সেই লক্ষ্য আমরা পূরণ করব। আওয়ামী লীগের নেতা আশরাফ বলেন, নতুন প্রজন্ম যদি সমাজকে পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা আহ্বান জানাব। তিনি বলেন, আমি আশা করব নতুন প্রজন্ম সবসময় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে সমর্থন দেবে। দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। এ ছাড়া দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন নানা কর্মসূচি পালন করছে।১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলটির আত্মপ্রকাশ ঘটে। পরে নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিস্তার ঘটে।প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে সব আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৬৬ সালে ছয় দফাভিত্তিক বাঙালির স্বাধিকার আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সাফল্যের পথ ধরে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিরঙ্কুশ রায় দেয়। ১৯৭১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। নয় মাস যুদ্ধের পর ১৬ ডিসেম্বর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। আবার ২১ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালের ২৩ জুন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে পরাজয় এবং ২০০৭ সালের ১১ জানুয়ারির পর আরেক দফা বিপর্যয় কাটিয়ে দলটি ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিজয়ী হয়ে আবার ক্ষমতায় আসে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে দলের অগণিত নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আওয়ামী লীগ এ দেশের ভাষা আন্দোলন, স্বাধীনতাসংগ্রাম, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক এবং সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছে। তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।