‘তিন সপ্তাহ ধরে রাস্তায় পানি জইম্যা আছে। দুর্গন্ধযুক্ত পানি পায়ে লাগাতেও ভয় লাগে। কোনোমতে প্যান্টের পায়া গুটিয়ে নয়তো রিকশায় চড়ে পানি পার হতে হয়।’ উত্তর বাড্ডার গোপীপাড়ার বাসিন্দা আবদুর রহমান এভাবেই দুর্ভোগের কথা জানাচ্ছিলেন। গোপীপাড়া এলাকায় ওয়াসার স্যুয়ারেজ লাইন ফেটে রাস্তায় উপচে পড়ছে পয়োবর্জ্য। একমাত্র চলার পথে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় এলাকাবাসীর ভোগান্তির মাত্রা চরমে পৌঁছালেও স্থানীয় কর্তৃপক্ষের সেদিকে কোনো খেয়াল নেই বলে অভিযোগ এলাকাবাসীর। গোপীপাড়া থেকে প্রগতি সরণি ওঠার পথটিতে গেলে দেখা যায় ময়লা পানির ধারা। রাস্তার বেশ কিছু স্থানে সারিবদ্ধভাবে ইট ফেলে রাখা হয়েছে। সাবধানে ইটের ওপর পা রেখে পারাপার হচ্ছে পথচারীরা। কিন্তু পানি বাঁচিয়ে চলার চেষ্টা করেও ব্যর্থ হতে দেখা গেল অনেককে। পঞ্চম শ্রেণীর সাবিনা আক্তার বলছিল, ‘আমরা প্রতিদিন এ রাস্তা দিয়ে স্কুলে যাই। কিন্তু প্রতিবারই স্কুলে আসা-যাওয়ার সময় ভয়ে ভয়ে থাকি, যাতে উল্টাইয়া পানিতে না পড়ি।’ তবে গোপীপাড়া রাস্তার পাশের এক দোকানদার জানালেন, শুধু এখন নয়, প্রায় সময়ই তাঁদের এ রাস্তায় স্যুয়ারেজ লাইনের পানি জমে যায়। তবে রাস্তায় স্যুয়ারেজের পানি জমলেও প্রতিকারের কোনো ব্যবস্থা নেয় না স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দা আবদুল হাকিমও জানালেন একই অভিযোগ। তাই দিনে দিনে এলাকাবাসীর ভোগান্তি বেড়েই চলেছে বলে তিনি মন্তব্য করেন। অবশ্য তাঁদের অভিযোগের সত্যতাও পাওয়া গেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। এ প্রসঙ্গে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম এ কাইয়ূমের সঙ্গে কথা বলে জানা গেল, তিন সপ্তাহ ধরে পানি জমে থাকার বিষয়টি তিনি একেবারেই জানেন না। স্যুয়ারেজের নলের পানি রাস্তায় জমে যাতে এলাকাবাসীর দুর্ভোগের সৃষ্টি না হয়, তা তিনি দায়িত্বরত কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান। তবে ঢাকা সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শরীফউদ্দীন অবশ্য নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন, গোপীপাড়া এলাকাটি সিটি করপোরেশনের মধ্যে নাকি ইউনিয়ন পরিষদের মধ্যে। পরে তাঁকে ২১ নম্বর ওয়ার্ডের কথা বলা হলে তিনি বুঝতে পারেন যে গোপীপাড়া এলাকাটি সিটি করপোরেশনের মধ্যেই পড়েছে। তখন তিনি তাৎক্ষণিকভাবে ঢাকা ওয়াসাকে বিষয়টি জানানোর কথা জানালেন।