চলার পথে বাধা
কর্মদিবসের দুপুরে মতিঝিল-দিলকুশার একাধিক সড়কে পার্ক করা থাকে সারি সারি গাড়ি। এসব গাড়ি থেকে রসিদ দিয়ে গাড়ি রাখার টোল আদায় করে থাকে শতাধিক লোক। তাদের হাতের রসিদ দেখে জানা যায়, তারা একটি ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফি আদায়ের কাজ করছে। ওই প্রতিষ্ঠানটি টোল আদায়ের জন্য ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কাছ থেকে গাড়ি রাখার জায়গা অস্থায়ী ভিত্তিতে ভাড়া নিয়েছে। সড়কে সাদা দাগ কেটে ডিসিসি তাদের গাড়ি রাখার জায়গা বুঝিয়ে দিয়েছে। এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক কর্মকর্তা জানান, মতিঝিল-দিলকুশার সড়কের দুই পাশের বড় অংশ গাড়ি রাখার জায়গা হিসেবে ব্যবহূত হওয়ায় ওই দুটি এলাকার যানজট তৈরি হচ্ছে।নগরের একাধিক সড়ক, পায়ে চলার পথ ও গাড়ি রাখার জায়গা ভাড়া দিয়েছে ডিসিসি। এই ভাড়ার মাধ্যমে সড়কের একাংশে করা হয়েছে গাড়ি রাখার জায়গা ও বাসস্ট্যান্ড। পায়ে চলার পথে বসেছে হকারের পসরা ও দোকান। আর গাড়ি রাখার জায়গায় তৈরি হয়েছে বিপণিবিতান। ফলে সড়ক-ফুটপাতে যান ও জনতার চলাচলে বিঘ্ন ঘটছে। ডিসিসির ইজারায় ডিএমপি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আপত্তি জানালেও তা আমলে নিচ্ছে না ডিসিসি। ডিসিসির কর্মকর্তাদের সাফাই হচ্ছে, বিভিন্ন সময় সরকার ও সরকারি দলের নেতা-কর্মীদের চাপে পড়ে তাঁরা সড়ক ও পায়ে চলা পথ অস্থায়ীভাবে ভাড়া দিতে বাধ্য হয়েছেন।গাড়ি রাখার জায়গায় বিপণিবিতানগুলিস্তান-ফুলবাড়িয়া এলাকায় ডিসিসির মালিকানাধীন সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট ও ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর ভূগর্ভস্থ গাড়ির রাখার জায়গায় করা হয়েছে স্থায়ী দোকানপাট। বিপণিবিতানগুলোয় আসা লোকজন তাদের যানবাহন রাখছে পাশের সড়কে। ফলে সেখানে স্বাভাবিক যান চলাচলে বাধা তৈরি হচ্ছে।অনুসন্ধানে জানা যায়, গুলিস্তান-ফুলবাড়িয়ার বিপণিবিতানগুলোর গাড়ি রাখার জায়গা ডিসিসি ব্যবসায়ীদের অস্থায়ীভাবে ইজারা দিয়েছে। এই ইজারা অনুযায়ী বিপণিবিতানগুলোর গাড়ি রাখার জায়গায় অস্থায়ী দোকান হওয়ার কথা, কিন্তু গড়ে উঠেছে স্থায়ী দোকান। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের গাড়ি রাখার জায়গায় এমন দোকান রয়েছে ২৩০টি। ডিসিসির বিপণিবিতানগুলোর গাড়ি রাখার জায়গা থেকে দোকান উচ্ছেদে ২০০৭ সালের প্রথম দিকে তাদের নোটিশ দিয়েছিল রাজউক, কিন্তু ওই নোটিশ কোনো কাজে আসেনি। এ প্রসঙ্গে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) শেখ আবদুুল মান্নান জানান, কয়েক বছর আগের ঘটনা হওয়ায় তিনি নোটিশের বিষয়টি ঠিক জানেন না। তিনি খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। একই কথা বলেন ডিসিসির মেয়র সাদেক হোসেন।পায়ে চলা পথে পসরানগরের ব্যস্ততম সড়কে পায়ে চলার পথে হকারদের আনাগোনা থাকায় পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ডিএমপির একটি কৌশলপত্রে উল্লেখ আছে, হকারেরা ফুটপাত ও সড়কের একাংশ দখল করে থাকায় নগরের সড়কে যানজট তৈরি হচ্ছে। আবার হকারেরা ফুটপাতে থাকায় পথচারীরা যান চলাচলের সড়ক দিয়ে হাঁটছে। ফুটপাত ও সড়ক থেকে হকার সরানো গেলে নগরবাসীর চলাচল সহজ হবে। অথচ এর উল্টো কাজটি করছে ডিসিসি। তারা আদালতের নিষেধ অমান্য করে নিউমার্কেট ও গাউছিয়া এলাকায় ফুটপাতের একাংশ হকারদের কাছে অস্থায়ীভাবে ভাড়া দিয়েছে। ফলে হকার উচ্ছেদের কাজটি কঠিন হয়ে পড়বে বলে ডিএমপির ট্রাফিক সূত্র জানায়।এদিকে ডিসিসি নগরে তিনটি পায়ে চলার পাতালপথ তৈরি করলেও সেগুলো পথচারীবান্ধব করতে ব্যর্থ হয়েছে তারা। গাবতলী পাতালপথ রক্ষণাবেক্ষণের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারের পাতালপথে বিপণিবিতান রয়েছে। সেখানে ক্রেতার ভিড়ে সপ্তাহের সাড়ে পাঁচ দিন পথচারীদের জনজটলার মধ্যে পড়তে হচ্ছে। আর বিপণিবিতানটি বন্ধ থাকায় বৃহস্পতিবারের পুরোটা ও শুক্রবারের প্রথম আধাবেলা পাতালপথটি থাকে অবরুদ্ধ। কারওয়ান বাজার পাতালপথের ভেতরে গড়ে উঠেছে দুটো দোকান। এগুলো দেখে পথচারীদের আশঙ্কা, দোকান দুটোয় বেচাবিক্রি শুরু হলে সামনে ক্রেতারা দাঁড়াবে। তখন পথচারীদের হাঁটার জায়গা আর থাকবে না।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসিসির অঞ্চল-৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম জানান, কারওয়ান বাজার পাতালপথে অস্থায়ীভাবে দোকান বরাদ্দ দিয়েছে ডিসিসির ঊর্ধ্বতন মহল। এ বিষয়ে আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে তারা কোনো আলোচনা করেনি। দোকান দুটি চালু হলে পথচারীদের দুর্ভোগ বাড়বে—এ কথা তিনি ডিসিসির একটি সভায় তুলে ধরেছেন।সড়কে থেমে থাকে যাননিউমার্কেট ১ নম্বর ফটকের পাশে পিলখানা রোডের একাংশ এই বিপণিবিতানের গাড়ি রাখার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে প্রতিটি গাড়ি রাখতে হলে ১০ টাকা করে দিতে হয় ডিসিসি নিয়োজিত ইজারাদারদের। ব্যস্ত একটি সড়কের একাংশে গাড়ি থাকায় সব সময় সড়কটিতে যানজট লেগেই থাকছে।এদিকে নগর ভবন ও ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর মাঝ দিয়ে চলে যাওয়া জহির রায়হান সড়কের একাংশ ব্যবহূত হচ্ছে ফুলবাড়িয়া বাস টার্মিনাল হিসেবে। এখানে প্রভাতী বনশ্রী পরিবহন লিমিটেডের অসংখ্য বাস আড়াআড়িভাবে রাখা হচ্ছে। পায়ে চলার পথে থাকা কাউন্টার থেকে বিক্রি করা হয় বাসের টিকিট। এর পাশেই যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে থাকে বাস। সড়কের ওপর অনেক বাসের যন্ত্রাংশ সারাইয়ের কাজ করতে দেখা গেছে। সড়কটি টার্মিনাল হিসেবে ব্যবহূত হওয়ায় এর ওপর যান ও মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।আবার নগর ভবনের দক্ষিণ পাশের ফটক সব সময় বন্ধ রাখা হচ্ছে। এই টার্মিনাল থাকায় জহির রায়হান সড়কটি (ফুলবাড়িয়া রোড) যান চলাচলে ঠিকমতো ব্যবহূত হতে পারছে না বলে ডিএমপির কৌশলপত্রে উল্লেখ করা হয়েছে। টোল আদায়ের বিনিময়ে ডিসিসি সড়কটির একাংশ টার্মিনাল হিসেবে ব্যবহার করতে দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ প্রসঙ্গে নাম-পদবি প্রকাশে অনিচ্ছুক ডিসিসির পরিবহন বিভাগের একজন কর্মকর্তা জানান, স্থানীয় সরকারি দলের নেতা-কর্মীদের চাপে পড়েই ডিসিসি জহির রায়হান সড়কে টোলভিত্তিক টার্মিনাল করেছে। কেননা টার্মিনাল থাকায় তাঁরা বিভিন্নভাবে লাভবান হচ্ছেন।তবে ডিসিসি মেয়র সাদেক হোসেন খোকা দাবি করেন, ফুলবাড়িয়া এলাকায় বাস টারমিনাল করার কোনো জায়গা নেই। এ জন্যে সড়কের একাংশে টারমিনাল করা হয়েছে। গুলিস্তান-ফুলবাড়িয়ায় যাতে নগর বাসের চাপ না থাকে সেজন্যে এখান থেকে টার্মিনাল সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা আছে। উত্তরা ও কেরানীগঞ্জে নগর বাসের প্রধান টার্মিনাল করা গেলে ফুলবাড়িয়া, গুলিস্তানে আর বাসের ভিড় থাকবে না বলে তিনি জানান। সড়কে গাড়ি রাখার জায়গা ইজারা দেওয়া প্রসঙ্গে ডিসিসির মেয়র জানান, অস্থায়ী ইজারার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন করে আর মেয়াদ বাড়ানো হবে না।