চলুন অন্দর সাজাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক বাসা-বাড়ি বা অফিস-আদালত যা-ই হোক, প্রত্যেকেই অন্দরটা সাজাতে চান নান্দনিকভাবে। আবার ব্যবহারের উপযোগিতাটাও যেন থাকে। তাই অন্দরসজ্জার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। কোনো দালানের অন্দরকে কাজের বা বসবাসের উপযোগী করে তোলার কাজটি করেন একজন ইন্টেরিয়র ডিজাইনার। একজন স্থপতি ইমারতের কাঠামোর নকশা করেন, আর ইন্টেরিয়র ডিজাইনার রং, আলো, আসবাব প্রভৃতির মাধ্যমে দৃষ্টিনন্দন করে তোলেন ঘরটিকে, যা প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়া সম্ভব নয়। এ ছাড়া গ্রাহকের চাহিদা, জীবন যাপনের ধারা, সাংস্কৃতিক পটভূমি—এই তিনের সমন্বয় করে কাঠামোর ভেতরে মেঝের সজ্জা, পয়োনিষ্কাশন, ঘরের অবস্থান, সিলিং সজ্জা, দরজা-জানালার অবস্থান, ভেন্টিলেশন, আসবাবের ডিজাইন ও অবস্থান নির্ণয় প্রভৃতি কাজ করে থাকেন একজন ইন্টেরিয়র ডিজাইনার। আবাসিক বা বাণিজ্যিক দুই ধরনের ভবনেই ইন্টেরিয়র ডিজাইনের গুরুত্ব বাড়ছে। ফলে চাহিদা বাড়ছে ইন্টেরিয়র ডিজাইনারদের।পেশা যখন অন্দরসজ্জাযাঁরা ঘর সাজাতে ভালোবাসেন এবং যাঁদের মধ্যে রয়েছে সৃজনশীল চিন্তাভাবনা, তাঁরা ইন্টেরিয়র ডিজাইনে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে পেশা শুরু করতে পারেন। যেকোনো পূর্ণাঙ্গ পেশার পাশাপাশি খণ্ডকালীন পেশা হিসেবেও এটি করা যায়। এ বিষয়ে পড়াশোনা শেষ করে চাকরি না পেলেও আপনাকে বসে থাকতে হবে না। নিজের কর্মদক্ষতাকে পুঁজি করে নিজেই খুলতে পারবেন ইন্টেরিয়র ডিজাইনের পরামর্শক প্রতিষ্ঠান।আমাদের দেশে বাণিজ্যিক ও আবাসিক সব ধরনের ভবনেই প্রাধান্য পাচ্ছে অন্দরসজ্জার বিষয়টি। আবাসিক ভবন, শপিং মল, অফিস, রেস্তোরাঁ, বিউটি পারলার, ফ্যাশন হাউস; এমনকি বেসরকারি বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ভেতরকেও সাজানো হচ্ছে নান্দনিক সাজে। তাই ইন্টেরিয়র ডিজাইন একটি চাহিদাসম্পন্ন সম্ভাবনাময় ক্ষেত্র। এ বিষয়ে ইন্সপাইরেশন ইনস্টিটিউট অব ডিজাইনের প্রশিক্ষক লতিফা সুলতানা বলেন, বর্তমানে এ পেশায় যেমন রয়েছে কাজের সুযোগ, তেমনি রয়েছে ভালো আয়ের সম্ভাবনা। তিনি আরও বলেন, ইন্টেরিয়র ডিজাইন একটি সৃজনশীল কাজ। এ পেশায় রয়েছে মুক্ত (ফ্রিল্যান্স) পেশাজীবী হিসেবে কাজ করার সুযোগ। এ ছাড়া এ বিষয়ে প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষে থাকে শিক্ষানবিশ করার সুযোগ। কেউ যদি নিজেই ইন্টেরিয়র প্রতিষ্ঠান খুলতে চান, সে ক্ষেত্রে অবশ্যই তাঁকে অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনারের অধীনে এক থেকে দুই বছর কাজ করতে হবে। এ বিষয়ে পড়ার প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই। সে ক্ষেত্রে ইন্টেরিয়র ডিজাইনকে শিক্ষকতা পেশা হিসেবে নেওয়া যেতে পারে বলে জানালেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের শিক্ষক ফারজানা গাজী।চাহিদা কেমনইন্টেরিয়র ডিজাইনে কাজের সুযোগ যেমন বাড়ছে, সেই তুলনায় অনেক কম ডিজাইনার রয়েছেন। তাই এখন যাঁরা এ বিষয়ে লেখাপড়া করছেন, তাঁদের রয়েছে প্রচুর সুযোগ। ঢাকা শহরে প্রতিদিনই চালু হচ্ছে নিত্যনতুন রেস্তোরাঁ, দোকান ও অফিস। ঢাকার বাইরেও ইন্টেরিয়র ডিজাইনারদের কাজ করার রয়েছে বড় সুযোগ, জানালেন লতিফা সুলতানা। কারণ, ঢাকার বাইরে বিশেষ করে পর্যটন এলাকাগুলোতে বিভিন্ন রিসোর্ট, হোটেল-মোটেল গড়ে উঠছে। সেসব জায়গায় এ কাজের সুযোগ বেশি।যেভাবে গড়বেন প্রতিষ্ঠানআপনি যদি ইন্টেরিয়র ডিজাইনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান খুলতে চান, তবে এ ধরনের ইনস্টিটিউট আছে এ রকম অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিতে হবে। তার পরই বেসরকারি প্রতিষ্ঠান খোলার ব্যাপারে যেসব নীতিমালা রয়েছে, তা মেনে তবেই খুলতে পারবেন ইনস্টিটিউট। জানালেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের স্বত্বাধিকারী গুলশান নাসরীন চৌধুরী। ইন্টেরিয়র ডিজাইনের প্রতিষ্ঠান খুলতে প্রচুর অর্থের বিনিয়োগ করতে হয় বলেঅনেকের ধারণা। আসলে তা নয়। প্রচুর অর্থ নয়, এ জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি থাকতে হবে আন্তরিকতা, দক্ষতা, সৃজনশীলতা, আগ্রহ এবং সর্বোপরি অন্যের পছন্দকে বোঝার ক্ষমতা। একটি সুবিধাজনক ঘর বেছে নিন। ওই ঘরেই আপনার আরও দুজন ইন্টেরিয়র ডিজাইনারকে সঙ্গে নিয়ে তিনটি কম্পিউটার, প্রিন্টার, ড্রইং বোর্ড এবং চেয়ার-টেবিল বসিয়ে খুব সহজেই খুলতে পারেন ইন্টেরিয়র ডিজাইনের প্রতিষ্ঠান। সাফল্যের কথকতাপ্রত্যেক মানুষই চায় এমন সুন্দরভাবে বসবাস করতে। আর এ জন্য বর্তমান সময়ে ইন্টেরিয়র ডিজাইনারদের রয়েছে প্রচুর কাজের সুযোগ। এ পেশায় কীভাবে পাবেন সাফল্য, বলেছেন গুলশান নাসরীন চৌধুরী— এ পেশায় সফল হতে হলে প্রথমেই যে কাজটি করতে হবে, তা হলো গ্রাহকের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। গ্রাহক কী ধরনের কাজ করাতে চাইছেন, তা একমাত্র ক্লায়েন্টের সঙ্গে সুসম্পর্ক হলেই আপনি বুঝতে পারবেন। এ ক্ষেত্রে আপনার মধ্যে সততা থাকতে হবে। কারণ, আপনার হাত দিয়েই পুরো কাজের বিল যাবে গ্রাহকের কাছে।  যাঁরা আপনার অধীনে কাজ করবেন, তাঁদের পারিশ্রমিক নিয়মিতভাবে পরিশোধ করবেন।  অবশ্যই গ্রাহকের বাজেটের দিকে খেয়াল রাখতে হবে। কাজ শেষ হয়ে গেলেও যদি অন্দরসজ্জার কোনো প্রয়োজনে গ্রাহক আপনাকে ডাকে, তাহলে অবশ্যই টাকার কথা চিন্তা না করে সেখানে উপস্থিত হবেন। এতে আপনার কাজের প্রতি তার আস্থা বাড়বে।পড়াশোনাএকজন সফল ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার আগে আপনাকে অবশ্যই এ বিষয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করতে হবে। ইন্টেরিয়র ডিজাইনিংয়ে সাধারণত আর্কিটেকচারাল গ্রাফিকস, মডেল তৈরি, ইমারতবিজ্ঞান, উপাদান, লাইটিং, আলোকচিত্র, আসবাবপত্র ডিজাইন, প্রকল্প ব্যবস্থাপনা প্রভৃতি বিষয় পড়ানো হয়। তবে ইন্টেরিয়র ডিজাইনার হতে চাইলে কম্পিটউটারে নকশা করা জানাটা জরুরি। এ জন্য খুব ভালোভাবে শিখতে হবে অটোক্যাড।বর্তমানে আমাদের দেশে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে এ বিষয়ে পড়ার সুযোগ। রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের শিক্ষক ফারহানা গাজী জানান, তাঁদের প্রতিষ্ঠানে এক বছর মেয়াদি ডিপ্লোমা এবং দুই বছর মেয়াদি হায়ার ডিপ্লোমা কোর্স দেওয়া হয়। ভর্তির যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। এ ক্ষেত্রে খরচ পড়বে ৬৮ হাজার ও এক লাখ ১৫ হাজার টাকা। ভর্তিপ্রক্রিয়া চলে বছরে তিনবার—ফেব্রুয়ারি, জুন ও অক্টোবর মাসে। এ ছাড়া এ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে ইনস্পাইরেশন ইনস্টিটিউট এবং শান্তা মারিয়ম বিশ্ববিদ্যালয়। এ দুই প্রতিষ্ঠানে খরচ পড়বে যথাক্রমে দুই লাখ ও তিন লাখ ১১ হাজার টাকা। নিচে আরও কয়েকটি ইনস্টিটিউটের ঠিকানা— শান্তা মারিয়ম বিশ্ববিদ্যালয়, বাড়ি-১, রোড-১৪, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা। রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন, রোড-২৮, বাড়ি-২, ধানমন্ডি, ঢাকা। ইনস্পাইরেশন ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি, বাড়ি-৮০, ব্লক-জে, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা। এক্সটেরিয়র ইনটেরিয়রস (প্রা.) লিমিটেড, বাড়ি-৯৯, রোড-১১/এ ধানমন্ডি, ঢাকা। স্কাই-হাই ইনস্টিটিউট অব ডিজাইন, বাড়ি-২৭/১, রোড-১৩/এ, ধানমন্ডি, ঢাকা।