মিরসরাইয়ের সেই সড়ক দুর্ঘটনায় আবুতোরাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর আহত আরও এক ছাত্র নয়নও অবশেষে চলে গেলে। দুর্ঘটনার চার মাস ১৪ দিন পর গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ১০টায় ঢাকা অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। নয়নের মৃত্যুতে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪৪ জনে দাঁড়াল। আজ শুক্রবার সকালে নয়নের লাশ ঢাকা থেকে গ্রামের বাড়ি পৌঁছায়। নয়ন চন্দ্র শীলসহ তিন আহত ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় গত ৭ সেপ্টেম্বর বিমানে করে চিকিত্সার জন্য ঢাকা অ্যাপোলো হাসপাতালে আনা হয়। ওই রাতেই রায়হান উদ্দীন শুভ এবং ১৯ সেপ্টেম্বর সকালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায় জুয়েল বড়ুয়া। মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন জানান, দুর্ঘটনার কিছুদিন পর নয়নের দুই চোখ নষ্ট হয়ে যায়। শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিত্সার জন্য তাঁকে ভারত নিয়ে যাওয়ার ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছিল। এরই মধ্যে নয়নের চারবার অস্ত্রোপচার করা হয়। আজ নয়নের বাড়িতে গিয়ে দেখা যায়, আশপাশের গ্রামের হাজার হাজার নারী-পুরুষ নয়নকে শেষবারের মতো দেখতে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে মা নীলিমা রানী শীল বারবার মূর্ছা যাচ্ছেন। দুই বোন শিউলী ও শিপ্রার অবস্থাও একই রকম। বেলা একটায় পারিবারিক শ্মশানে নয়ন শীলের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।নয়ন শীলের জেঠাতো ভাই বাসুদেব শীল (ঢাকায় চিকিত্সার সময় পাশে ছিলেন) জানান, নয়ন তিন বছর বয়সে বাবাকে হারিয়েছে। এরপর মা নিলীমা এবং দুই বোন শিউলী ও শিপ্রা একমাত্র ভাইকে লেখাপড়া শিখিয়ে বড় করতে প্রাণান্ত চেষ্টা করেন। গত ১১ জুলাই দুর্ঘটনার আগে নয়ন শীলের বড় বোন শিউলী শীলের বিয়ে ঠিক হয়। কিন্তু সড়ক দুর্ঘটনায় নয়ন আহত হওয়ায় বোনের বিয়ে পিছিয়ে যায়। পরে গত সোমবার শিউলীর বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের চার দিন পরই নয়নের মৃত্যু হলো।