চলে গেলেন অধ্যাপক আজুমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের বিশিষ্ট রবীন্দ্রগবেষক অধ্যাপক কাজুও আজুমা আর নেই। গতকাল ২৮ জুলাই প্রত্যুষে টোকিওর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতা, মানসিক অবসাদ ও স্বাস্থ্যগত অন্যান্য জটিলতার কারণে কয়েক মাস ধরে তিনি হাসপাতালে শয্যাশায়ী ছিলেন।শারীরিক অসুস্থতা সত্ত্বেও জাপানে রবীন্দ্রনাথের সার্ধশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত নানা রকম অনুষ্ঠানের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা মৃত্যুর আগ পর্যন্ত তিনি করে গেছেন। মৃত্যু যে নিকটবর্তী তা অনুধাবন করতে পারার পর তাঁর শেষ ইচ্ছা ছিল, বয়স আশি পূরণ হওয়ার পর কবিগুরুর সমবয়সী হিসেবে মৃত্যুকে বরণ করে নেওয়া। মাত্র এক মাসের ব্যবধানে সেই ইচ্ছা পূরণ হলো না তাঁর। আগামী মাসে তাঁর বয়স আশি বছর পূর্ণ হওয়ার কথা ছিল।জাপানে বাংলা ভাষা ও সংস্কৃতিকে পরিচিত করে তোলার ক্ষেত্রে অর্ধশতক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অধ্যাপক আজুমা। সেই অবদানের স্বীকৃতি হিসেবে ভারত সরকার তাঁকে ‘দেশিকোত্তম’ পদবিতে ভূষিত করে এবং বাংলাদেশে তিনি পেয়েছেন বাংলা একাডেমীর ফেলোর মনোনয়ন। এ ছাড়া বাংলা একাডেমীর জীবন সদস্যও ছিলেন তিনি। অনুবাদকাজের পাশাপাশি জাপান সফরে আসা বাংলাভাষী বিশিষ্ট অতিথিদের জন্য দোভাষীর কাজও তিনি করেছেন। সেই সূত্রে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের সময় তাঁর সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা হয়।রবীন্দ্রনাথের সঙ্গে অধ্যাপক আজুমার পরিচয়ের সূচনাটা ছিল অনেকটা ঘটনাক্রমিক। জার্মান ভাষা ও দর্শন নিয়ে লেখাপড়ার একপর্যায়ে দর্শনের সূত্র ধরে রবীন্দ্রনাথের রচনাবলির সংস্পর্শে তাঁর আসা এবং সেই থেকে রবীন্দ্রনাথ ও বাংলা ভাষার প্রতি আজীবন এক ভালোবাসার সূত্রপাত। পরে ইয়োকোহামা জাতীয় বিশ্ববিদ্যালয়ে জার্মানির দর্শনের স্থায়ী অধ্যাপকের চাকরি ছেড়ে ১৯৭০ সালে তিনি জাপানি ভাষার শিক্ষক হিসেবে কাজ করার জন্য বিশ্বভারতীতে গিয়েছিলেন। মূল উদ্দেশ্য অবশ্যই ছিল রবীন্দ্রনাথ ও বাংলার সংস্কৃতিকে আরও কাছে থেকে জেনে নেওয়া। ভারতে অবস্থানকালে রবীন্দ্রনাথের প্রতি তাঁর ভালোবাসা গভীর এক আসক্তিতে পরিণত হয় এবং এরপর আজীবন তিনি সম্পৃক্ত থেকেছেন জাপানে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আরও ভালোভাবে পরিচয় করিয়ে দেওয়ার কাজে। এভাবেই ১৯৭৩ সালে তাঁর সম্পাদনায় শুরু হয় মূল বাংলা ভাষা থেকে রবীন্দ্র রচনাবলী জাপানি ভাষায় অনুবাদ করার কাজ, যে কাজ শেষ করতে লেগে গেছে দীর্ঘ কুড়ি বছর। একই সঙ্গে জাপানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভারতীয় দর্শন ও সংস্কৃতির অধ্যাপক হিসেবে তিনি কাজ করে গেছেন। টোকিওর রেইতাকু বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শেষে বছর পাঁচেক আগে শিক্ষকতা থেকে তিনি অবসর নেন এবং বাকি জীবনের সবটাজুড়ে রবীন্দ্রচর্চা এবং ভারত ও বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক আরও গভীর করে নেওয়ার কাজে নিজেকে তিনি সম্পৃক্ত রাখেন।বাংলার প্রতি অধ্যাপক আজুমার ভালোবাসা শুধু রবীন্দ্রনাথের অনুবাদ ও রবীন্দ্রচর্চার মধ্যেই সীমিত থাকেনি। একই সঙ্গে জাপানের সঙ্গে ভারত ও বাংলাদেশের মৈত্রীর বন্ধন আরও দৃঢ় করে নেওয়ায় গুরুত্বপূর্ণ অবদান তিনি রাখেন; যে নিষ্ঠা ও একাগ্রতার ফসল হিসেবে কলকাতা ও শান্তিনিকেতনে গড়ে উঠেছে ভারত-জাপান সাংস্কৃতিক কেন্দ্র ও নিপ্পন ভবন। উভয় প্রতিষ্ঠানের ভবন ও অন্যান্য কাঠামো গড়ার তহবিল একক প্রয়াসে ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন জাপানিদের কাছ থেকে সংগ্রহ করেছিলেন আজুমা।পশ্চিমবঙ্গে এই সাফল্যে বাংলাদেশেও কিছু একটা করার তাগিদ গভীরভাবে অনুভব করেন অধ্যাপক আজুমা। তবে দারাদ আহমেদ নামের এক বাংলাদেশি প্রতারকের খপ্পরে পড়ে তাঁর সেই স্বপ্ন শুধু ধূলিসাৎ হয়ে যায়নি, সেই সঙ্গে মনের গভীরে দেখা দেওয়া বেদনা ও হতাশা তাঁর মৃত্যুকেও করেছে ত্বরান্বিত। ফলে, তাঁর মৃত্যু অন্যদিকে যেন মনে হচ্ছে, দারাদ নামের এক কলঙ্কিত বাংলাদেশির হাতে তাঁর খুন হওয়া। জীবনের একেবারে শেষপর্যায়ে এসে প্রতারণার সেই ঘটনার বিচার দাবি করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগত আবেদনও তিনি জানিয়েছিলেন। তবে দুঃখের বিষয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেই আবেদনের প্রাপ্তিও স্বীকার করা হয়নি।অধ্যাপক আজুমার মৃত্যুতে টোকিওর বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মনজুরুল হক আজুমা পরিবারের বাসভবনে গিয়ে সমবেদনা প্রকাশ করেছেন।