চলে গেলেন অধ্যাপক মুশার্রফ হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক ও অধ্যাপক ড. মুশার্রফ হোসেন আর নেই। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।গতকাল শুক্রবার সকালে হাসপাতাল থেকে মুশার্রফ হোসেনের লাশ ধানমন্ডিতে তাঁর নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে গোসল সম্পন্ন করে লাশ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। আজ শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় সবাইকে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। জানাজার পর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। আগামী মঙ্গলবার বাদ আসর মহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।অধ্যাপক মুশার্রফ হোসেন স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। তাঁর সহধর্মিণী ইনারি হোসেন দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন। তাঁদের দুই ছেলে জাফর হোসেন চিকিৎসক এবং রাজ্জাক হোসেন প্র্রকৌশলী। দুজনই মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত। তবে এখন দেশে আছেন।মুশার্রফ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। গণফোরাম আজ বিকেল চারটায় মুশার্রফ হোসেন স্মরণে এক আলোচনা সভার আয়োজন করেছে। ড. কামাল হোসেন এতে সভাপতিত্ব করবেন। মুশার্রফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরবর্তী সময়ে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন। ১৯৭৫ সালে বিদেশে চলে যান। ১৯৭৯ সালে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগ দেন। ১৯৯৫ সালে অবসর নেন। অধ্যাপনার পাশাপাশি মুশার্রফ হোসেন তৎকালীন পূর্ব পাকিস্তান পরিকল্পনা বোর্ডের প্রধান অর্থনীতিবিদ ও পাকিস্তান কর কমিশনের পরিকল্পনাবিদের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মুজিবনগর সরকারের পরিকল্পনা সংস্থার সদস্য এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। ১৯৭৪ সালে তিনি জাতিসংঘ পরিষদের প্রতিনিধিদলে সদস্য হিসেবে যোগ দেন। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বিশ্ব খাদ্য কর্মসূচি, খাদ্য ও কৃষি সংস্থাসহ জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় গবেষণায় নিযুক্ত ছিলেন। তিনি আশি ও নব্বইয়ের দশকে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুশার্রফ হোসেন তাঁর উজ্জ্বল কর্মজীবনের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে বাংলাদেশ ব্যাংক পুরস্কার, বাংলা একাডেমীর সম্মানসূচক ফেলোশিপ, অর্থনীতি সমিতির বিশেষ সম্মাননা, বাংলাদেশ জাতিসংঘ সমিতির সম্মাননা ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মাননা পান। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, কৃষি, দারিদ্র্য, খাদ্য ও পুষ্টি, প্রাকৃতিক দুর্যোগের প্রভাব, টেকসই উন্নয়ন, বৈদেশিক সাহায্য, পরিবেশ ও উন্নয়ন, রাজস্ব ও উন্নয়ন ব্যয়, কর ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে তিনি গবেষণা করেছেন।