চলে গেলেন অভিনেতা এ কে হাঙ্গাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অবতার কিষান হাঙ্গাল আর নেই। ২৬ আগস্ট রোববার সকালে মৃত্যুবরণ করেন এই ‘শোলে’ তারকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।গত ১৪ আগস্ট বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছিলেন হাঙ্গাল। এ দুর্ঘটনায় তাঁর ডান ঊরুর হাড় ভেঙে যায়। ১৬ আগস্ট মুম্বাইয়ের আশা পারেখ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হলে এক সময় তাঁকে নিবিড় পরিচর্যাকক্ষে স্থানান্তর করা হয়। একপর্যায়ে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছিল। সেখানেই রোববার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন হাঙ্গাল। এক খবরে এমন তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।গত কয়েক বছরে বেশ কয়েকবারই হাসপাতালে যেতে হয়েছে হাঙ্গালকে। তিনি উচ্চ রক্তচাপ, টিবি ও কিডনি রোগে ভুগছিলেন। ১৬ আগস্ট হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর অস্ত্রোপচার করতে চেয়েছিলেন চিকিত্সকেরা। কিন্তু তাঁর বয়স বিবেচনা করে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।৫০ বছর বয়সে হিন্দি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন হাঙ্গাল। ১৯৬৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর শুরুর দিকের দুটি ছবি ‘শাগরেদ’ ও ‘তিসরি কসম’। পরবর্তী সময়ে ‘শোলে’, ‘নিমক হারাম’, ‘শৌখিন’, ‘আয়না’, ‘বাবুর্চি’, ‘অবতার’, ‘অর্জুন’, ‘তপস্যা’, ‘কোরা কাগজ’, ‘বালিকা বধূ’, ‘লগন’সহ ২২৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। প্রয়াত রাজেশ খান্না অভিনীত বেশির ভাগ ছবিতে দেখা গেছে এই অভিনেতাকে। সেগুলোর মধ্যে রয়েছে ‘আপ কি কসম’, ‘অমর দীপ’, ‘প্রেম বন্ধন’, ‘নোকরি’ ইত্যাদি।হিন্দি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করা হয় গুণী এ শিল্পীকে।