চলে গেলেন অমল বোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুপালি পর্দায় কখনো তিনি ছিলেন হাসির রাজা, কখনো নানা, কখনো বাবা, কখনো বা মন্দ মানুষ। পাঞ্জাবি-পায়জামা ছিল তাঁর প্রিয় পোশাক। এফডিসিতে ঢুকে কারও সঙ্গে দেখা হলেই বলতেন, ‘প্রণাম’। কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কক্ষে গিয়ে বসতেন। এসব আজ শুধুই স্মৃতি। অমল বোস আর নেই। গতকাল সোমবার সকালে মারা যান অমল বোস (৭৫)। রেখে গেছেন স্ত্রী ও এক মেয়ে। জানা গেছে, গতকাল তাঁর যাওয়ার কথা ছিল পাবনায়। সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। একটু পরই জানা যায়, সবার প্রিয় অমলদা আর নেই। অমল বোসের জন্ম ফরিদপুরের বোয়ালমারীতে ১৯৪৩ সালে। রাজা সন্ন্যাসী ছবি দিয়ে চলচ্চিত্রে তাঁর অভিনয় শুরু। অভিনয় করেছেন শতাধিক ছবিতে। একসময় কেন এমন হয় নামের একটি ছবি পরিচালনা করেন।অমল বোসের বহুল আলোচিত চরিত্র ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ‘নানা-নাতি পর্ব’। অনুষ্ঠানটির পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত বললেন, ‘অমল বোসের মতো এমন বড় মাপের শিল্পী খুঁজে পাওয়া যাবে না।’অমল বোসের সঙ্গে প্রায় বেশির ভাগ চলচ্চিত্রে অভিনয় করেছেন শাবনূর। বললেন, ‘ভালো মানুষগুলো যদি এভাবে চলে যায়, তবে কি আমরা এমন ভালো মানুষ আর পাব? কাজ করতে গিয়ে তাঁর কাছ থেকে যে কত কিছু শিখেছি, তা বলে শেষ করা যাবে না।’আজ সকালে ফেরদৌসের এক কাপ চা ছবির ডাবিং করার কথা ছিল। বলেছিলেন, ‘যদি ওদের (পাবনার অনুষ্ঠানের আয়োজক) গাড়ি দেরিতে আসে, তাহলে তোর ডাবিংটা করে দিতে পারি। তুই প্রস্তুতি নিয়ে রাখিস।’ ফেরদৌস বললেন, ‘মৃত্যুর খবরটা শুনে আমার হাত-পা ঠান্ডা হয়ে এসেছে। ঢাকাতে তো বটেই, অমলদা কলকাতা গেলে ওখানেও আমার সঙ্গে দেখা করতেন। অমলদা আর খোঁজ নেবেন না।’ পূর্ণিমা তাঁর অভিনয়জীবনের দ্বিতীয় ছবিতে কাজ করেছিলেন অমল বোসের সঙ্গে। পূর্ণিমা বললেন, ‘কাজ করতে গিয়ে দেখেছি, অমলদা ছবিতে থাকা মানে কাজে কোনো ক্লান্তি আসবে না। তিনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন।’মিশা সওদাগরের সঙ্গে অমল বোসের ছবির সংখ্যা নাকি হিসাব করে শেষ করা যাবে না। মিশা বললেন, ‘অমলদার একটি উপদেশ আমার অনেক কাজে লেগেছে—নিয়ম, নীতি আর সময় মেনে কাজ করো, তাহলে বড় হতে পারবে। দাদা নেই, ভাবতেই কষ্ট হচ্ছে।’