চলে গেলেন আবদুল হামিদ
চলে গেলেন দেশের ক্রীড়াধারাভাষ্যের পথিকৃত্ ও সাংবাদিক আবদুল হামিদ। আজ শনিবার সকালে তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।দুই মাস ধরে অসুস্থ ছিলেন আবদুল হামিদ। ২৩ জুলাই ভর্তি হন ইউনাইটেড হাসপাতালে। প্রথমে মেরুদণ্ডে টিউমার ধরা পড়ে। পরে দেখা যায়, তিনি হাড়ের ক্যানসারে আক্রান্ত। কাল বিকেল থেকে গুণী এই ক্রীড়াভাষ্যকার ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আজ সকালে সবাইকে ছেড়ে চলে গেলেন ক্রীড়াঙ্গনের প্রিয় ‘হামিদ ভাই’।আবদুল হামিদ ছিলেন বাংলাদেশে ক্রীড়াধারাভাষ্যের পুরোধা। ষাটের দশকের গোড়ার দিকে আবদুল হামিদ আরেক ক্রীড়াব্যক্তিত্ব মোহাম্মদ শাহজাহানের সঙ্গে ঢাকা স্টেডিয়াম থেকে বেতারে বাংলায় ফুটবল খেলার ধারাভাষ্য দিয়েছিলেন। দেশে বাংলা ভাষায় ক্রিকেট খেলার প্রথম ধারাবিবরণীও প্রচারিত হয়েছিল তাঁর কণ্ঠে। ১৯৬৫ সালে ঢাকা স্টেডিয়াম থেকে তিনি বাংলায় ক্রিকেটের ধারাবিবরণী দিয়েছিলেন।আজীবন মাঠের সঙ্গে সখ্য ছিল আবদুল হামিদের। ফুটবল, হকি, ক্রিকেট, অ্যাথলেটিকস, ভলিবল—সব খেলাতেই ছিল তাঁর সদর্প পদচারণ। পঞ্চাশের দশকের শুরু থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি ইস্ট এন্ড ও ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে শীর্ষ পর্যায়ে ফুটবল খেলেছেন। খেলা ছাড়ার পর তিনি ক্রীড়াসংগঠক হিসেবে নিজেকে পরিচিত করে তোলেন। ভলিবলের রেফারি হিসেবেও তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাকিস্তান ভলিবল ফেডারেশনের সঙ্গে তিনি নিজেকে জড়িয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে ভলিবল খেলার প্রচার ও প্রসারে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। দুবার নির্বাচিত হয়েছেন এশিয়ান ভলিবল ফেডারেশনের পরিচালক।ক্রীড়াসাংবাদিক হিসেবে ‘দৈনিক জেহাদ’ পত্রিকায় কর্মজীবন শুরু করেন তিনি। সে সময় ওই পত্রিকার সম্পাদক ছিলেন আবুল কালাম শামসুদ্দীন। এরপর দীর্ঘদিন কাজ করেন ‘দৈনিক আজাদ’ পত্রিকায়। আজাদে ক্রীড়া পাতা দেখতেন তিনি। এরপর ‘দৈনিক ইনকিলাব’ ও ‘আমাদের সময়-এ তিনি ক্রীড়াসাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন ক্রীড়াবিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেন তিনি। সর্বশেষ চ্যানেল আইতে তাঁর উপস্থাপনায় প্রচারিত হতো ‘আই স্পোর্টস’ নামের একটি অনুষ্ঠান। সত্তরের দশকে ‘খেলাধুলা’ নামের একটি ক্রীড়াবিষয়ক সাময়িকীও সম্পাদনা করেন তিনি।বিভিন্ন সংগঠনের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন আবদুল হামিদ। তিনি বাংলাদেশ ফুটবল রেফারি সমিতির আজীবন সদস্য ছিলেন। এ ছাড়া পাক্ষিক ‘ক্রীড়াজগত’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সোনালী অতীত ক্লাবের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য।