চলে গেলেন আব্দুর রাজ্জাক
মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষীয়ান নেতা আব্দুর রাজ্জাক আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি লিভার ও কিডনির জটিলতায় ভুগছিলেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তিন দিন ধরে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টা ৫০ মিনিটে চিকিত্সকেরা তাঁর লাইফ সাপোর্ট খুলে তাঁকে মৃত ঘোষণা করেন।আব্দুর রাজ্জাকের এপিএস মোক্তার হোসেন প্রথম আলোকে জানান, আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার দিকে মেডিকেল বোর্ড গঠন করা হয়। রাতে তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।শরীয়তপুর-৩ আসন থেকে নির্বাচিত এই সাংসদ জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন অবদান রেখেছেন। তিনি ১৯৬৬-১৯৬৭ ও ১৯৬৭-১৯৬৮ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৯ ও ১৯৮১ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ ও ১৯৭৩ সালে সাংসদ নির্বাচিত হন। ১৯৯১ ও ১৯৯৬ সালে দুটি করে আসনে সাংসদ নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।