চলে গেলেন আহমদ জামান চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক ও চলচ্চিত্রকার আহমদ জামান চৌধুরী। আজ বুধবার বিকেল পৌনে তিনটায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ... রাজিউন) করেন। আহমদ জামান চৌধুরীর ভাগনে মাসুদুর রহমান এ কথা জানান। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।মাসুদুর রহমান জানান, ১ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত হন তাঁর ছোট মামা আহমদ জামান। অবস্থার অবনতি ঘটলে তাঁকে ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। আজ চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। সাংবাদিকতার পাশাপাশি আহমদ জামান চৌধুরী অনেক চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেন। ১৯৪৭ সালে ২৮ ডিসেম্বর চাঁদপুর শহরে জন্মগ্রহণ করেন তিনি। পাঁচ ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তোর ডিগ্রি অর্জন করেন।বিশ্ববিদ্যালয়ে পড়াকালেই সাপ্তাহিক ‘চিত্রালী’র মধ্য দিয়ে আহমদ জামান চৌধুরী জড়িত হন চলচ্চিত্র সাংবাদিকতার সঙ্গে। একটা পর্যায়ে তিনি পত্রিকাটির সম্পাদনার দায়িত্বও পালন করেন দীর্ঘ ১০ বছর। সব মিলিয়ে চিত্রালীর সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন ২০ বছর। চিত্রালীর পর আহমদ জামান চৌধুরী দু’বছর ফিচার সম্পাদকের দায়িত্ব পালন করেন দৈনিক যুগান্তর পত্রিকায়। সাম্প্রতিক সময়ে ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ছাড়াও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন তিনি। চলচ্চিত্র সাংবাদিকতা ও অন্যান্য ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরূপ আহমদ জামান চৌধুরী পেয়েছেন অনেক পুরস্কার। এর মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, সলিমুল্লাহ হল চ্যাম্পিয়নশিপ পুরস্কার উল্লেখযোগ্য। আহমদ জামান চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর তিনবারের সভাপতির দায়িত্বও পালন করেছেন। তাঁর লেখা ও চিত্রনাট্যে নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে পিচঢালা পথ, নতুন নামে ডাকো, নাচের পুতুল, বাঁদি থেকে বেগম, আগুন, যাদুর বাঁশি, মাস্তান, তুফান, শেষ উত্তর, লাভ ইন সিঙ্গাপুর, শ্বশুরবাড়ি, মিস লংকা, দূরদেশ। এছাড়াও আহমদ জামান চৌধুরীর লেখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে পিচঢালা এ পথটারে ভালবেসেছি, যেও না সাথী, নতুন নামে ডাকব তোমায়, কে তুমি এলে গো, ও দরিয়ার পানি, এ বৃষ্টিভেজা রাতে চলে যেও না, চুরি করেছো আমার মনটা, মাগো তোর কান্না আমি সইতে পারি না, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন, একা বয়ে বেড়াও যাদু বিনা পাখি যেমন বাঁচিতে পারে না প্রভৃতি।