চলে গেলেন কিংবদন্তি ফুটবলার মারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের প্রজন্মের কাছে নামটা হয়তো সেভাবে পরিচিত নয়। তবে বাংলাদেশের ফুটবলের সোনালি অতীতের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে একটি নাম—চিহ্লা মং চৌধুরী মারী। ১৯৫২ থেকে ১৯৭০ পর্যন্ত ফুটবল মাঠ দাপিয়ে পেয়েছিলেন ‘বাঁ পায়ের শিল্পী’ খেতাব। কাল সবকিছুর ঊর্ধ্বে স্মৃতির পাতায় ঠাঁই নিলেন এই কিংবদন্তি ফুটবলার। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে সকাল সাড়ে নয়টায় শেষনিঃশ্বাস ত্যাগ করলেন ৭৩ বছর বয়সে।মারী ছিলেন আসলে সব্যসাচী ক্রীড়াবিদ। ১৯৫৪ পাকিস্তান অলিম্পিকে হাইজাম্পে সোনা ও ১০০ মিটার সিপ্রন্টে রুপা জিতেছিলেন। ১৯৫৪-৫৮ সাল পর্যন্ত খেলেছেন পাকিস্তান ভলিবল দলেও। তবে সবকিছু ছাপিয়ে ফুটবলার পরিচয়টাই মারীকে তুলে ধরেছিল অনন্য উচ্চতায়। অবিভক্ত পাকিস্তান দলের হয়ে খেলেছেন। সে সময়ের পূর্ব বাংলার বিখ্যাত কবীর-আশরাফ-মারী ত্রয়ীর নাম এখনো পরিণত বয়সের ফুটবলপ্রেমীদের মুখে মুখে ফেরে। মারী খেলতেন লেফট-ইন পজিশনে। ১৯৫৪ সালে ম্যানিলা এশিয়ান গেমসে পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন। পাকিস্তান জাতীয় দলের হয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ অনেক দেশ সফর করেছেন।শরীরে জটিল রোগ বাসা বাঁধে ২০০৮ সালে। আলঝেইমার ও স্কিন সিরোসিসে ভুগছিলেন তখন থেকেই। অবস্থার অবনতি হলে গত ৬ মে ভর্তি করা হয় হলি ফ্যামিলিতে। ৮ মে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। পরশু রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং কিডনি সমস্যা দেখা দেয়। তা থেকে আর মুক্তি মিলল না। বাংলাদেশের ফুটবল হারাল অনন্য এক ফুটবলারকে।