চলে গেলেন কিংবদন্তির গায়িকা সামসাদ বেগম
হিন্দি চলচ্চিত্রের শুরুর দিকের জনপ্রিয় সংগীতশিল্পীদের অন্যতম সামসাদ বেগম ২৩ এপ্রিল রাতে ৯৪ বছর বয়সে মারা গেছেন। ‘মেরা পিয়া গ্যয়ে রেঙ্গুন’, ‘কাভি আর কাভি পার’, ‘কাজরা মোহাব্বত ওয়ালা’র মতো অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর মেয়ে উষা রাত্রা আজ ২৪ এপ্রিল এই প্রখ্যাত শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এক খবরে জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।মায়ের মৃত্যু প্রসঙ্গে উষা জানিয়েছেন, কয়েক মাস ধরে তাঁর মায়ের শরীর ভালো ছিল না। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণে তিনি ২৩ এপ্রিল রাতে মারা যান। সামসাদ বেগম মুম্বাইয়ে উষার পরিবারের সঙ্গে থাকতেন।১৯১৯ সালে পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন সামসাদ বেগম। ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর লাহোরের পেশোয়ার রেডিওতে প্রথম গান করেন তিনি। পরে বলিউডের হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন। অসাধারণ কণ্ঠের এ শিল্পী ছিলেন অন্তর্মুখী। ‘কাহি পে নিগাহে কাহি পে নিশানা’, ‘সাইয়্যা দিল মে আনা রে’, ‘লেকে পেহলা পেহলা পেয়্যার’-এর মতো অসাধারণ জনপ্রিয় গান ছাড়াও গজলে সামসাদ বেগমের ছিল অসামান্য দক্ষতা।