চলে গেলেন চলচ্চিত্রকার বেবী ইসলাম
চলে গেলেন বেবী ইসলাম। ২৪ মে রাত ১১টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।সংস্কৃতিমনা এই মানুষটির তিরোধানের সঙ্গে সঙ্গে আমাদের চলচ্চিত্র জগতের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। ক্যামেরার প্রেমে পড়েছিলেন তিনি। ক্যামেরার পেছনের মানুষ হিসেবে তাঁর রয়েছে বিশাল অর্জন। একসময় ছবি পরিচালনায়ও রেখেছেন অসামান্য অবদান।গতকাল মঙ্গলবার বাদ জোহর লালমাটিয়ার একটি মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বেলা তিনটার কিছু পরেই শ্রদ্ধা জানানোর জন্য বেবী ইসলামের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ছিল এই আয়োজন। বিক্ষিপ্তভাবে এ সময় অনেকেই শেষবারের মতো তাঁকে দেখতে এসেছেন, জানিয়েছেন শ্রদ্ধা।বেবী ইসলামের ছেলে জয় দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘সিঙ্গাপুরে যখন বাবাকে চিকিৎসা করানোর জন্য নিয়ে গেলাম, বাবা তখন বলেছিলেন, “আমার যদি কিছু একটা হয়ে যায়, তবে আমার মরদেহ নিয়ে টানাহেঁচড়া করো না।” বাবা চলে গেছেন। তাঁর দেহটাকে আর বেশি টানাহেঁচড়া করতে চাই না।’ শোকে তাঁর গলা ধরে আসছিল।মেয়ে বাংলা বললেন, ‘বাবাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে গেলাম। বললাম, এখানেই থাকো। চিকিৎসা করাও। মানুষটাকে ধরে রাখতে পারলাম না। বাবা বললেন, দেশে হাসপাতাল হচ্ছে। আমি না থাকলে হাসপাতালের কাজ দেখবে কে? এই হাসপাতাল থেকে মানুষ সেবা পাবে। আমাকে যেতেই হবে। ধরে রাখতে পারলাম না যুক্তরাষ্ট্রে। শেষ পর্যন্ত ফিরে এলেন দেশে।’জয় ও বাংলার মা তন্দ্রা ইসলাম নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছেন প্রিয়তম মানুষটির দিকে। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন বেবী ইসলাম।আকাশে তখন মেঘের আনাগোনা। পরিচিত মানুষদের মধ্যে দেখা গেল নারী নেত্রী খুশী কবির, সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন আর চলচ্চিত্রকার মতিন রহমানকে।কফিন ঢেকে দেওয়া হলো। অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হলো বনানী কবরস্থানে। সেখানেই বিকেল সাড়ে পাঁচটার দিকে দাফন করা হয় চলচ্চিত্রের এই গুণী ব্যক্তিত্বকে।১৯২৭ সালের ২৪ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার বেলগাছী গ্রামে জন্মগ্রহণ করেন বেবী ইসলাম। ক্যামেরায় তাঁর হাতেখড়ি হয়েছিল কলকাতার চিত্রগ্রাহক ও নির্মাতা অজয় করের মাধ্যমে। এরপর তিনি কলকাতায় ১৫টি বাংলা চলচ্চিত্র, মুম্বাইতে দুটি হিন্দি চলচ্চিত্র ও দুটি তামিল চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেন। এফডিসি তৈরির পর তিনি সেখানে প্রথম মহাব্যবস্থাপক হিসেবে যোগ দেন। পরে চাকরি ছেড়ে দিয়ে সূর্যস্নান চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেন। উর্দু চলচ্চিত্র তানহা দিয়ে পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি একাধিক বাংলা ও উর্দু চলচ্চিত্রের চিত্রায়ণ করেন। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের নির্দেশনায় তিতাস একটি নদীর নাম ও যুক্তি তক্ক গপ্পো ছবিরও চিত্রগ্রাহক ছিলেন তিনি। সর্বশেষ বেবী ইসলাম নাসির উদ্দীন ইউসুফের পরিচালনায় একাত্তরের যীশু চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।পারিবারিক সূত্র জানিয়েছে, চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে অভিমান ছিল বেবী ইসলামের। সে কথা তিনি বলেছেনও অনেকবার। তাই এফডিসিতে তাঁর মরদেহ নিতে বারণ করেছিলেন। এ কারণেই কি চলচ্চিত্রের কলাকুশলীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেননি?শহীদ মিনারে আসা চলচ্চিত্রকার মতিন রহমান অবশ্য আক্ষেপ করেই বললেন, ‘বেবী ভাইয়ের অভিমান করাটা সাজে, কিন্তু মৃত মানুষের ওপর কি অভিমান করাটা আমাদের মানায়?’