চলে গেলেন চিত্রনায়িকা দোয়েল
দীর্ঘ আড়াই বছর রোগে ভোগার পর অবশেষে হার মানলেন চিত্রনায়িকা দোয়েল। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।দোয়েলের স্বামী সুব্রত জানান, দোয়েল ২০০৯ সালের শেষ দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হন। তখনই তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। সর্বশেষ গত এক মাসে চিকিৎসার জন্য তিনটি হাসপাতাল পরিবর্তন করতে হয়েছে। হাসপাতাল থেকে দোয়েলের মরদেহ গতকাল দুপুরে ইন্দিরা রোডে পশ্চিম রাজাবাজারের বাসায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় মসজিদে জানাজা শেষে নেওয়া হয় বিএফডিসিতে। এখানে শিল্পী-পরিচালক ও প্রযোজকসহ সবার শ্রদ্ধা নিবেদন এবং জানাজার পর সন্ধ্যায় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।১৯৮২ সালে চাষী নজরুল ইসলামের চন্দ্রনাথ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন দোয়েল। এতে তাঁর সহশিল্পী ছিলেন রাজ্জাক। দোয়েল অভিনীত সর্বশেষ চলচ্চিত্র কাজী হায়াতের কাবুলিওয়ালা। এতে তাঁর স্বামী সুব্রত এবং মেয়ে দীঘিও অভিনয় করেন। দোয়েল অভিনীত মোট চলচ্চিত্রের সংখ্যা প্রায় ১০০।দোয়েলের পুরো নাম ইফতে আরা ডালিয়া। ১৯৬৬ সালের ২৫ সেপ্টেম্বর বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন।