চলে গেলেন জ্যোতি বসু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জ্যোতি বসু। দীর্ঘ ১৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হার মানলেন তিনি। লাখো মানুষের ভালোবাসা, প্রার্থনা আর অশ্রুকে সঙ্গী করে বিদায় নিলেন উপমহাদেশের কিংবদন্তি এই রাজনৈতিক নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই রাজনৈতিক যোদ্ধার পিতৃপুরুষের আদিনিবাস ছিল এ দেশেরই নারায়ণগঞ্জ জেলার বারুদিতে। তাঁর জন্ম কলকাতায় হলেও শৈশবের একটি অংশ কেটেছে বারুদিতে। তাঁর বাবা নিশিকান্ত বসু ছিলেন একজন চিকিত্সক। জ্যোতি বসুর জন্ম ১৯১৪ সালের ৮ জুলাই। তাঁর শিক্ষাজীবন শুরু হয় কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯৩৪ সালে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি ব্যারিস্টারি পড়তে ব্রিটেনে যান। সেখানেই তিনি যুক্ত হন ব্রিটিশ কমিউনিস্ট পার্টির সঙ্গে। ১৯৪০ সালে ব্যারিস্টারি পাস করে তিনি ফিরে আসেন কলকাতায়। ১৯৪১ সালে তিনি যুক্ত হন শ্রমিক আন্দোলনের সঙ্গে।১৯৬৪ সালে ভারতীয় কমিউনিস্ট পার্টি দ্বিধাবিভক্ত হলে তিনি যোগ দেন সিপিআই(এম)-এ। এরপর থেকে তিনি আমৃত্যু সিপিআই(এম)-এর পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্ট বিপুল ভোটে জয়ী হয়। সে বছর ২১ জুন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন এবং সে দায়িত্ব পালন করেন একটানা ২৩ বছর। তাঁর ঐকান্তিক চেষ্টায় ১৯৯৭ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক ফারাক্কা পানিবণ্টন চুক্তি সম্পাদিত হয়। ২০০০ সালে স্বাস্থ্যগত কারণে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। ১৯৯৬ সালে তাঁকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও নিজের দল অনুমতি না দেওয়ায় তিনি তা গ্রহণ করেননি। পরে তাঁকে ভারতের রাষ্ট্রপতি হওয়ারও প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি সে প্রস্তাবও গ্রহণ করেননি।