চলে গেলেন জ্যোতি বসু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের কিংবদন্তি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আর নেই। কলকাতার একটি হাসপাতালে গতকাল রোববার স্থানীয় সময় ১১টা ৪৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্কসবাদীর (সিপিআইএম) বর্ষীয়ান নেতা জ্যোতি বসুর মৃত্যুতে ভারতের রাজনীতিতে একটি যুগের অবসান হলো। তিনি অত্যন্ত সাদাসিধা জীবনযাপন করতেন। নির্লোভ এ মানুষটি রেখে গেছেন একমাত্র ছেলে চন্দন বসুসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহীকে।বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু জ্যোতি বসুর পৈতৃক নিবাস বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারদীতে। শৈশবের কিছু সময় তাঁর বারদীতেই কেটেছে। তাঁর মাতুলালয়ও ছিল বারদীতে।সিপিআইএমের রাজ্য সম্পাদক ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু গতকাল দুপুর ১২টা ১০ মিনিটে জ্যোতি বসুর মৃত্যুর খবর নিশ্চিত করেন।গত ১ জানুয়ারি জ্যোতি বসু নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাঁকে সল্টলেকের এএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়। বারবার তিনি নিজের সরকারি বাসভবন সল্টলেকের ইন্দিরা ভবনে যেতে চাইলেও চিকিত্সকেরা তাঁকে ছাড়েননি। ১৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর গতকাল তিনি পরাস্ত হন। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে হাসপাতালেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।জ্যোতি বসুর মৃত্যুতে আজ সোমবার পশ্চিমবঙ্গের সব সরকারি অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানও বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। এ ছাড়া মধ্যপ্রদেশ সরকার তিন দিনের এবং ছত্তিশগড় রাজ্য সরকার এক দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে।শেষযাত্রা মঙ্গলবারজ্যোতি বসুর মরদেহ গতকাল বিকেলে নিয়ে যাওয়া হয় কলকাতার পিস হ্যাভেনে। এখানেই প্রয়াত নেতার মৃতদেহ রাখা হবে কাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত। এর আগে গতকাল দুপুরে জ্যোতি বসুর মরদেহ হাসপাতাল থেকে প্রথমে নিয়ে যাওয়া হয় তাঁর ছেলে চন্দন বসুর বাসভবনে। সেখান থেকে নেওয়া হয় সল্টলেকে তাঁর বাসভবন ইন্দিরা ভবনে। ২০০৩ সালে তিনি তাঁর চোখ ও দেহ দান করেন। জ্যোতি বসুর মৃত্যুর পরই তাঁর চোখ নিয়ে যায় শুশ্রুত আই ফাউন্ডেশন। আর দেহ দান করা হবে কলকাতার পিজি হাসপাতালে। জ্যোতি বসুর শেষযাত্রা অনুষ্ঠিত হবে কাল মঙ্গলবার। এ দিন সকাল সাড়ে নয়টার দিকে তাঁর মরদেহ পিস হ্যাভেন থেকে নিয়ে যাওয়া হবে মহাকরণে (সচিবালয়ে)। এখানে তাঁর মৃতদেহ এক ঘণ্টা রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। এখান থেকে সাড়ে ১০টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হবে রাজ্য বিধানসভা ভবনে। এখানে রাখা হবে দুপুর আড়াইটা পর্যন্ত। এখানেই সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে। দেশ-বিদেশের অতিথিরাও এখানে এসে শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের রাজ্য কার্যালয়ে। এ কার্যালয়ে মরদেহ থাকবে চারটা পর্যন্ত। এখান থেকেই চারটায় শুরু হবে শেষযাত্রা। এ শেষযাত্রা শেষ হবে কলকাতার পিজি বা এসএসকেএম হাসপাতাল এলাকায়। তাঁর মরদেহ তুলে দেওয়া হবে এ হাসপাতালের কর্তৃপক্ষের কাছে।সংক্ষিপ্ত জীবনীসিপিআইএমের নেতা জ্যোতি বসুর জন্ম ১৯১৪ সালের ৮ জুলাই কলকাতার হ্যারিসন (মহাত্মা গান্ধী) রোডের উচ্চ-মধ্যবিত্ত এক বাঙালি পরিবারে। তাঁর বাবা নিশিকান্ত বসু ছিলেন একজন চিকিত্সক। বারদী ও ঢাকায় তিনি চিকিত্সা পেশায় জড়িত ছিলেন। মা হেমলতা বসু ছিলেন গৃহবধূ। জ্যোতি বসু ছিলেন তাঁর মা-বাবার ছোট ছেলে। ছোটবেলায় তাঁর নাম ছিল জ্যোতিরিন্দ্র বসু। ১৯২৫ সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তির সময় তাঁর নাম ছোট করে রাখা হয় জ্যোতি বসু। এর আগে ১৯২০ সালে কলকাতার ধর্মতলায় লরেটো কিন্ডারগার্টেন স্কুলে ভর্তির মাধ্যমে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯৩৪ সালে তিনি ইংরেজিতে স্নাতক (সম্মান) পাস করেন। আইন পড়ার জন্য ১৯৩৫ সালে তিনি ইংল্যান্ডের উদ্দেশে পাড়ি জমান। সেখানে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকসে হ্যারল্ড লাস্কির বক্তৃতায় যোগ দিতেন। লন্ডনেই তিনি কমিউনিস্ট পার্টির সান্নিধ্যে আসেন। লন্ডনে ১৯৪০ সালে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জনের পর জ্যোতি বসু কলকাতায় ফিরে আসেন। যোগ দেন ভারতের কমিউনিস্ট পার্টিতে। ১৯৪১ সালে শুরু করেন শ্রমিক রাজনীতি। ১৯৪২ সালে তিনি বিয়ে করেন বাসন্তী (ছবি) ঘোষকে। এ বছরই টাইফয়েডে মারা যান বাসন্তী ঘোষ। কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে ১৯৪৬ সালে জ্যোতি বসু প্রথমবারের মতো বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৪৮ সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন কমলা বসুকে। জ্যোতি বসুর একমাত্র ছেলে চন্দন বসু জন্ম নেন ১৯৫২ সালে।১৯৬৪ সালে কমিউনিস্ট পার্টি ভাগ হলে জ্যোতি বসু যোগ দেন সিপিআইএমে। সেই থেকে তিনি আমৃত্যু সিপিআইএমের পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তবে ২০০৮ সালের এপ্রিলে পার্টি কংগ্রেসের সময় স্বাস্থ্যগত কারণে তাঁর অনুরোধে তাঁকে আমন্ত্রিত অতিথি হিসেবে পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়। ১৯৭৭ সালের নির্বাচনে বামফ্রন্ট বিপুল বিজয় লাভ করলে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। টানা ২৩ বছর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ-ভারত গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাস্থ্যগত কারণে জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর পদ থেকে অবসর নেন ২০০০ সালের ৬ নভেম্বর। এরপর মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য।১৯৯৬ সালে যুক্তফ্রন্টের আমলে জ্যোতি বসুকে ভারতের প্রধানমন্ত্রী করার প্রস্তাব উঠলেও তাতে তাঁর দল সায় দেয়নি। পরে তাঁকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তাতেও সায় দেয়নি তাঁর দল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার ও ইউনূসের শোকইউএনবি জানায়, সিপিআইএমের প্রবীণ নেতা জ্যোতি বসুর মৃত্যুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান এক শোকবার্তায় জ্যোতি বসুর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। জ্যোতি বসুর নির্মোহ জীবনাদর্শ সব রাজনীতিককে অনুপ্রাণিত করবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পাঠানো অপর শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতি বসুর আত্মার চিরন্তন শান্তি কামনা করে বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অকৃত্রিম সমর্থনের জন্য আমরা আজ তাঁকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।’ খালেদা জিয়া ও তাঁর দলের পক্ষ থেকে জ্যোতি বসুর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও দলের নেতা-কর্মীদের উদ্দেশে একটি শোকবার্তা পাঠানো হয়েছে। শোকবার্তায় খালেদা জিয়া বলেন, জ্যোতি বসুর মৃত্যুতে সব গণতান্ত্রিক মানুষের মতো আমিও দুঃখ পেয়েছি। তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন। তাঁর মৃত্যুতে কেবল ভারতের পশ্চিমবঙ্গের মানুষই নয়, সারা বিশ্বের গণতন্ত্রমনা মানুষও একজন বন্ধুকে হারিয়েছে।শোকবার্তায় মুহাম্মদ ইউনূস বলেন, জ্যোতি বসুর মৃত্যু শুধু বাঙালি নয়, সামগ্রিকভাবে বিশ্ববাসীর জন্য একটা বিশাল ক্ষতি।জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেন, জ্যোতি বসুর মৃত্যুতে বিশ্ববাসী একজন পরোপকারী ও নিবেদিতপ্রাণ ব্যক্তি হারাল। তাঁর মৃত্যুতে ভারতীয় রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণ হওয়ার নয়।