তথ্যপ্রযুক্তির অন্যতম পথিকৃৎ বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস (৫৬) আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভুগে গত বুধবার তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা গেছেন।তথ্যপ্রযুক্তির দিকপাল স্টিভ জবসের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শোক প্রকাশ করেছেন। এ তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।অ্যাপলের এক বিবৃতিতে বলা হয়, ‘জবসের বুদ্ধিমত্তা, উৎসাহ ও কর্মোদ্যম অসংখ্য উদ্ভাবনের উৎস, যা আমাদের সমৃদ্ধ করেছে এবং সবার জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করেছে।’মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্টিভ জবসের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তাঁকে আমেরিকার ‘সবচেয়ে বড় উদ্ভাবক’ বলে অভিহিত করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘জবসের মতো মানুষ আমাদের পৃথিবীকে বদলে দিয়েছেন।’বিল গেটস তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, তথ্যপ্রযুক্তির জগতে প্রভাববিস্তারকারী এক বিরল ব্যক্তিত্বকে প্রত্যক্ষ করেছে বিশ্ব, যাঁর প্রভাব শুধু এই প্রজন্মই নয়, পরবর্তী কয়েক প্রজন্মও অনুভব করবে।১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি সানফ্রান্সিসকোতে জবসের জন্ম। ১৯৭৬ সালে বন্ধু স্টিভ ওজনিয়াককে সঙ্গে নিয়ে অ্যাপল প্রতিষ্ঠা করেন স্টিভ জবস। দ্রুতই এটি বিশ্বের শীর্ষ কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠানে পরিণত হয়। ২০০৪ সালে স্টিভ জবস ঘোষণা দেন, তিনি অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত।অসুস্থতার কারণে স্টিভ জবস চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে ছিলেন। পরে অবশ্য স্বপ্নের প্রতিষ্ঠান অ্যাপলে আবারও যোগ দেন তিনি। শেষ পর্যন্ত গত আগস্টে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ান তিনি। জবসের স্থলাভিষিক্ত হন তাঁরই দীর্ঘদিনের সহকর্মী টিম কুক। আর জবসকে অ্যাপলের চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে জবস চিঠিতে তাঁর অসুস্থতাকেই উল্লেখ করেছেন। অ্যাপল বোর্ড বরাবর পাঠানো ওই চিঠিতে জবস লিখেছিলেন, ‘আমি বিশ্বাস করি, অ্যাপলের উজ্জ্বলতম ও উদ্ভাবনী সময় সামনেই এবং আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, যেখানে নতুন কোনো ভূমিকায় আমি এর সাফল্যে অবদান রাখতে পারব।’ চিঠিতে জবস সব সহকর্মীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন।মার্কিন সাময়িকী ফোর্বস-এর হিসাব অনুযায়ী, ২০১০ সালে জবসের সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৬১০ কোটি ডলারে। মার্কিন ধনীদের তালিকার ৪২ নম্বরে জবসের ঠাঁই হয়। তবে তাঁর এই বিশাল সম্পদের উত্তরাধিকারী কে বা কারা হবেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।স্টিভ জবস মৃত্যুকালে স্ত্রী লরেন ও তিন সন্তান রেখে গেছেন। এ ছাড়া লরেনের সঙ্গে বিয়ের আগে তাঁর এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল। ওই ঘরেও তাঁর আরও একটি কন্যাসন্তান রয়েছে। এএফপি ও রয়টার্স।