চলে গেলেন দিকপাল স্থপতি নিমাইয়ার
বিশ শতকের সবচেয়ে খ্যাতনামা আধুনিক যুগের ভবনগুলোর নকশাবিদ ব্রাজিলীয় স্থপতি উসকা নিমাইয়ার গতকাল বুধবার ১০৪ বছর বয়সে মারা গেছেন। কদিন বাদে তাঁর ১০৫তম জন্মদিন উদযাপিত হওয়ার কথা ছিল। বিবিসি জানায়, ব্রাজিলের রাজধানী ব্রাসিলার নকশা করে খ্যাতির চূড়ান্ত শিখরে পৌঁছেছিলেন উসকা নিমাইয়ার। ভবিষ্যদ্বাদী বা ফিউচারিসটিক শিল্পকলা আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে উসকা নিমাইয়ার শহরটির পরিকল্পনা করেন। শহরটি ১৯৬০ সালে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। উসকা নিমাইয়ার সুইডেনে জন্মগ্রহণকারী আধুনিক স্থপতি লে করবুজিয়েরকে সঙ্গে নিয়ে নিউইয়র্কের জাতিসংঘ ভবনের নকশা করেন। এ বছরের শুরুর দিকেও তিনি পুরোপুরি কর্মরত ছিলেন। বুধবার রিও ডি জেনিরো শহরের এক হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, শ্বাসপ্রশ্বাসের সমস্যায় আক্রান্ত হয়ে বোতাফোগো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় নিমাইয়ার মৃত্যু হয়। ১৯০৭ সালের ১৫ ডিসেম্বর রিও শহরে তাঁর জন্ম। এ শহরেই তিনি বেড়ে উঠেছেন, স্থাপত্যবিদ্যায় পড়েছেন এবং সাম্বাড্রোমের মতো বিখ্যাত স্থাপত্যনিদর্শনের নকশা করেছেন।তাঁর মৃত্যু উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে ব্রাজিলের প্রেসিডেন্টের বাসভবনে এক স্মৃতিচারণামূলক অনুষ্ঠান হচ্ছে। প্রেসিডেন্ট দিলমা রউসেফ ফোন করে নিমাইয়ারের পরিবারকে বিষয়টি জানান। তিনি বলেন, ‘আজ ব্রাজিল তার এক কীর্তিমানকে হারাল। আজকের দিনটি শোকের। আজকের দিনটি তাঁর জীবনকে স্মরণ করার।’রিও ডি জেনিরো শহরের মেয়র এদুয়োর্দো পেস তিন দিনের শোক ঘোষণা করেছেন। আগামীকাল শুক্রবার নিমাইয়ারকে সমাহিত করা হবে।কৃতি ও খ্যাতিনিমাইয়ার খ্যাতনামা হয়ে ওঠেন ব্রাসিলাসহ অনেক ক্যাথেড্রাল ও ব্রাজিলের কংগ্রেস ভবনের নকশা করার পর। বিশাল ব্রাসিলা শহরের অধিকাংশ ভবনের নকশাই তাঁর নিজের করা, বাকিগুলোর ফরাসি স্থপতি লুসিও কোস্টার। দেশের বাইরে নিমাইয়ার নিউইয়র্কের জাতিসংঘ ভবন, প্যারিসে কমিউনিস্ট পার্টির সদর দপ্তর, লন্ডনের হাইড পার্কে সার্পেন্টাইন গ্যালারির মতো শত শত স্থাপত্যের নকশা ও পরিকল্পনা করেছেন।ব্রাজিলের সবচেয়ে বড় সংবাদপত্র প্রকাশক সংস্থা নিমাইয়ারের মৃত্যুর পর তাদের ওয়েবসাইটে বেশ কয়েকটি রচনা প্রকাশ করেছে। এগুলোর শিরোনাম ‘কংক্রিটের কবি’, ‘জীবনকে ভালোবাসতেন যে দুঃখবাদী’ এবং ‘ভবিষ্যতের ঐতিহ্যবাদী।’ জীবদ্দশায় তাঁকে ‘কংক্রিটের পিকাসো’ নামে ডাকা হতো আর মৃত্যুর পরও অনেক রচনায় তাঁকে এ নামেই সম্বোধন করা হচ্ছে।রিও দে জেনেইরোর ইম্পেরিয়াল প্যালেসের পরিচালক এবং স্থাপত্যবিদ্যার পণ্ডিত লাউরো কাভালকানতি লিখেছেন, ‘উসকা নিমাইয়ারের সৃষ্টিগুলো হলো দৈনন্দিন জীবনের কাব্যিকতাকে বদলে ফেলা প্রযুক্তিবিদ্যার উল্লাস। তাঁর আজকের স্থাপত্যগুলো নির্মিত হয়েছে আগামীর ঐতিহ্যকে বুকে ধারণ করে।’নিমাইয়ার শুধু কংক্রিট ঢালাই দিয়ে ক্ষান্ত হননি। জন্ম দিয়েছেন এক কন্যার। ২০০৪ সালে তাঁর প্রথম স্ত্রী আনিতা বালদোর মৃত্যু হয়। ৭৬ বছরের সংসার ছিল তাঁদের। ২০০৬ সালে ৯৯ বছর বয়সে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন ভেরা লুসিয়া কাবরেইরাকে। ভেরা দীর্ঘদিন তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন।১৯৯৮ সালে আত্মস্মৃতিকথা ‘দ্য কার্ভস অব টাইম’-এ তিনি লিখেছিলেন, ‘সমকোণ আমাকে টানে না। মানুষের তৈরি সরলরেখা, সমতল বা ঋজু রেখার প্রতিও কোনো আকর্ষণ নেই। আমাকে যা আকর্ষণ করে তাহলো, মুক্ত ও ইন্দ্রিয়পরবশ রেখাগুলো। যেসব রেখা আমরা পাই পর্বতের গায়ে, সাগরের ঢেউয়ে, ভালোবাসার নারীর কায়ায়।’১৯৬৪ সালে ব্রাজিলে সামরিক অভ্যুত্থানের পর আজীবন কমিউনিস্ট এ স্থপতি দেশত্যাগে বাধ্য হন। এরপর ব্রাজিল ২১ বছর একনায়কের শাসনের অধীনে ছিল। এ সময় নিমাইয়ার ছিলেন ইউরোপে। ফ্রান্সে থাকার সময় ১৯৬৫ সালে তিনি ফরাসি কমিউনিস্ট পার্টির অফিসের নকশা করেন। ইতালির মোনদাদোরি প্রকশনার অফিস, আলজেরিয়ার কনস্ট্যাটাইন বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েল, লেবানন, জার্মানি ও পর্তুগালের অনেক প্রকল্পের প্রধান নকশাকারী তিনি।স্থাপত্যবিদ্যায় অসাধারণ অবদানের জন্য উসকা নিমাইয়ার ১৯৭০ সালে অ্যামেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেকচার থেকে সোনার মেডেল, ১৯৮৮ সালে শিকাগোর হায়াত ফাউন্ডেশনের প্রিত্সকার স্থাপত্য পুরস্কার এবং ১৯৯৮ সালে রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেকটসের সোনার মেডেল পান।