দীর্ঘ আট দশক নজরুলসংগীতের সাধনায় নিমগ্ন রেখেছেন নিজেকে। গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টা ২৫ মিনিটে সেই মধুর কণ্ঠটি স্তব্ধ হলো চিরতরে। শেষনিঃশ্বাস ত্যাগ করলেন সংগীতজ্ঞ সোহরাব হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোহরাব হোসেনের বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অনেক দিন ধরে। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্বাপিত হলো তাঁর জীবনপ্রদীপ। তিনি স্ত্রী সুরাতুন্নেচ্ছা; তিন মেয়ে রওশন আরা, রাহাত আরা ও রিফাত আরা; দুই ছেলে মোয়াজ্জেম হোসেন, মারুফ হোসেনসহ নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং দেশ-বিদেশে অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন।গতকাল সোহরাব হোসেনের মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর বাদ জুমা মোহাম্মদপুরের ইকবাল রোডে তাঁর বাসার পাশের মসজিদে জানাজা হবে। পরে শিল্পীর অন্তিম শয্যা রচনা করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।সোহরাব হোসেনের নাতনি সামিহা হক প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে বহুমূত্র তো ছিলই, বার্ধক্যজনিত নানা সমস্যার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে ঠান্ডাজনিত রোগ। ভোর থেকে তাঁর হূদ্যন্ত্র আস্তে আস্তে কর্মক্ষমতা হারাতে থাকে। সকাল ছয়টা ২৫ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।পারিবারিক সূত্রে জানা যায়, গুরুতর অসুস্থ হয়ে পড়লে সোহরাব হোসেনকে গত নভেম্বর মাসে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে ১৩ ডিসেম্বর তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। দুই দিন পরই আবার তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটলে ১৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়।শিল্পী সোহরাব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শোকবাণী দিয়েছেন। বাণীতে তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।সোহরাব হোসেনের মৃত্যুর সংবাদে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে সংগীতজ্ঞ ও তাঁর বন্ধু সুধীন দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সংগীতজ্ঞ সন্জীদা খাতুন, শাহীন সামাদ, খায়রুল আনাম শাকিল, ডালিয়া নওশীন, সাদিয়া আফরিন মল্লিক, রফিকুল আলমসহ দেশের সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা স্কয়ার হাসপাতালে ছুটে যান।কর্মময় জীবন: সোহরাব হোসেনের জন্ম ১৯২২ সালের ৯ এপ্রিল, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার আয়েশতলা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। বাড়িতে গানবাজনার চর্চা ছিল না। তবে শৈশবেই তিনি সুরের মায়ায় মোহিত হন। যখন বয়স মাত্র নয় বছর, তখন রানাঘাটের এক আসরে তাঁর প্রথম নজরুলসংগীত শোনা। এর পর থেকেই আমৃত্যু তিনি নজরুলের গানের সঙ্গে নিজেকে অবিচ্ছিন্ন রেখেছিলেন নিবিড় বন্ধনে।প্রথমে জয়নুল আবেদীন নামের এক সংগীতশিক্ষকের কাছে তালিম নেন সোহরাব হোসেন। এরপর পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তিনি তালিম নেন সংগীতগুরু কিরণ দে চৌধুরীর কাছে। নজরুলসংগীতের প্রখ্যাত শিল্পী পূরবী দত্তের কাছেও তিনি সংগীতের শিক্ষা নিয়েছেন। পরিবারের তরফ থেকে অবশ্য তাঁর এই সংগীতপ্রীতি ভালোভাবে দেখা হয়নি। তবে তাতে তিনি থেমে যাননি।রানাঘাটের এক অনুষ্ঠানে শিল্পী আব্বাসউদ্দীন আহ্মদ, ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, পল্লীকবি জসীমউদ্দীন এবং তবলাবাদক বজলুল করিমের সঙ্গে একই মঞ্চে সংগীত পরিবেশন করেন সোহরাব হোসেন। পরে কিরণ দে চৌধুরীর মাধ্যমে কলকাতায় গিয়ে শ্রীরঙ্গম থিয়েটারে গায়ক হিসেবে কাজ শুরু করেন। ১৯৪৬ সাল থেকে তিনি এইচএমভি ও রেডিওতে যুক্ত হন। এ সময় কলকাতায় তখনকার বিখ্যাত শিল্পী আঙ্গুরবালা, ইন্দুবালা, গিরীশ চক্রবর্তী, কৃষ্ণচন্দ্র দের সাহচর্য লাভ করেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ, শিল্পী শচীন দেববর্মণ ও অঞ্জলি মুখার্জির সঙ্গেও ছিল তাঁর ঘনিষ্ঠতা।ভারত ভাগের পর ১৯৪৭ সালে সোহরাব হোসেন ঢাকায় আসেন। শিল্পী আব্বাসউদ্দীনের সহযোগিতায় সরকারি তথ্য বিভাগে কাজে যোগ দেন। পাশাপাশি বেতারে নিয়মিত অনুষ্ঠান এবং সংগীতশিক্ষক হিসেবে কাজ করতে থাকেন। এ ছাড়া শিল্পী আব্বাসউদ্দীনের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে গান করেছেন। ব্যক্তিগতভাবে এখনকার বহু কৃতী শিল্পীকেই সংগীতশিক্ষা দিয়েছেন সোহরাব হোসেন। শিক্ষক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানেও কাজ করেছেন দীর্ঘকাল। ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, করেছেন আমৃত্যু শিক্ষকতা। এ ছাড়া বুলবুল ললিতকলা একাডেমি, ছায়ানট, শিল্পকলা একাডেমী ও নজরুল একাডেমীতেও শিক্ষকতা করেছেন তিনি। কাজ করেছেন নজরুলসংগীত প্রমাণীকরণ পরিষদ ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে।এ ছাড়া আধুনিক গানেও পারঙ্গম ছিলেন সোহরাব হোসেন। মাটির পাহাড়, যে নদী মরুপথে, গোধূলির প্রেম, শীত বিকেল ও এদেশ তোমার আমার চলচ্চিত্রে গান করেছেন তিনি।দেশের এই কৃতী সংগীতজ্ঞ তাঁর সংগীতসাধনার স্বীকৃতি হিসেবে পেয়েছেন রাষ্ট্রীয় স্বাধীনতা পদক, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা, নজরুল একাডেমী পদক, চ্যানেল আই পদকসহ বিভিন্ন সম্মাননা।শোক: সংগীতজ্ঞ সোহরাব হোসেনের মৃত্যুতে ব্যক্তিগতভাবে অনেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পৃথক শোকবাণীতে দেশের সংগীতচর্চায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।এ ছাড়া বাণী দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আইনমন্ত্রী শফিক আহমেদ ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। সংগঠনের মধ্যে রয়েছে: ছায়ানট, নজরুল একাডেমী, আন্তর্জাতিক নজরুলচর্চা কেন্দ্র, আইন ও সালিশ কেন্দ্র, গণফোরাম ও জিয়া সাংস্কৃতিক সংগঠন।