চলে গেলেন নরদম সিহানুক
কম্বোডিয়ার সাবেক রাজা নরদম সিহানুক মারা গেছেন। আজ সোমবার ভোরে চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। সিহানুক ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে সিএনএন ও বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী নিক বান ছের বরাত দিয়ে সিনহুয়া জানায়, দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগতে থাকা রাজা সিহানুকের স্বাভাবিক মৃত্যু হয়েছে। কম্বোডিয়ার একজন কর্মকর্তা জানান, নরদম সিহানুকের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তাঁর মরদেহ দেশে আনা হবে। বাবার মরদেহ গ্রহণের জন্য ছেলে রাজা নরদম সিহামনি আজই বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন।কম্বোডিয়ার সাবেক রাজা নরদম সিহানুক ১৯২২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাজা নরদম সুরামারিত ও রানি কোসামাকের বড় ছেলে। ১৯৪১ সালে তিনি সিংহাসনে আরোহণ করেন। ১৯৫৩ সালে ফ্রান্সের কাছ থেকে কম্বোডিয়াকে স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে সিহানুক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শারীরিক অসুস্থতার কারণে ২০০৪ সালে তিনি সিংহাসন ত্যাগ করেন।