চলে গেলেন নোবেল বিজয়ী ওয়াঙ্গারি মাথাই
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম আফ্রিকীয় নারী কেনিয়ার পরিবেশবাদী নেত্রী ওয়াঙ্গারি মাথাই আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর গত রোববার তিনি নাইরোবির একটি হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। গতকাল সোমবার মাথাইয়ের পরিবেশবিষয়ক সংগঠন দ্য গ্রিন বেল্ট মুভমেন্টের পক্ষ থেকে এ কথা জানানো হয়।পশু চিকিৎসাবিষয়ক অধ্যাপক মাথাই সরকার-সমর্থিত বনের গাছপালা নিধনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। গত শতকের আশি থেকে নব্বইয়ের দশক পর্যন্ত চলা এই আন্দোলনে আফ্রিকার বন রক্ষায় বলিষ্ঠ ভূমিকার জন্য মাথাইকে চাবুক খেতে হয়েছে। সইতে হয়েছে কাঁদানে গ্যাসের জ্বালা। এমনকি তাঁকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে।মাথাই কেবল বন রক্ষায় আন্দোলন করেননি, দুর্নীতির বিরুদ্ধেও ছিলেন সোচ্চার। তিনি বলেছিলেন, ‘বন রক্ষা করা দেশের জন্য জীবন-মৃত্যুর বিষয়। কেনিয়ার বন-জঙ্গল বিলুপ্তির মুখে। এটি মানুষের তৈরি সমস্যা।’ বনের গাছপালা নিধনের বিষয়টি তিনি ‘আত্মহত্যাস্বরুপ’ বলে অভিহিত করেন।মাথাই আরও বলেন, ‘বন উজাড় করা মানে বৃষ্টিচক্রে বিরূপ প্রভাব পড়া। এর জের ধরে পানিব্যবস্থা ও কৃষিও ক্ষতিগ্রস্ত হয়। জলবিদ্যুতের ওপর নির্ভরশীল অন্যান্য শিল্পের যে ক্ষতি হবে, তা না বললেও চলে। মাথাইয়ের নেতৃত্বে তাঁর সংগঠন আফ্রিকাজুড়ে ৪ কোটিরও বেশি বৃক্ষ রোপন করেছে।১৯৮৯ সালে মাথাইয়ের নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে তৎকালীন প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মোই নাইরোবি পার্কে একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা বাতিলে বাধ্য হন। ১৯৯৯ সালে নাইরোবিতে বনভূমি বিক্রির প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে নিরাপত্তারক্ষীদের বেধড়ক পিটুনির শিকার হন মাথাই। আফ্রিকার বন রক্ষায় বিশেষ অবদানের জন্য তাঁকে ২০০৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। মাথাই ২০০২ সালে কেনিয়ার পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন এবং পরে সরকারের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রয়টার্স।