চলে গেলেন প্রখ্যাত চিত্রশিল্পী গণেশ পাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী গণেশ পাইন মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার নিজ বাসভবনে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। গণেশ পাইন ১৯৩৭ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সরকারি আর্ট কলেজ থেকে ১৯৫৯ সালে তিনি চিত্রশিল্প বিষয়ে ডিগ্রি লাভ করেন। গণেশ পাইন ভারতীয় চিত্রশিল্পকে নতুন মাত্রা দেন। এ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশ-বিদেশে তিনি অনেক পুরস্কার লাভ করেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে চিত্র প্রদর্শনীতে তিনি অংশ নেন। গণেশ পাইনের মৃত্যুতে কলকাতায় শোকের ছায়া নেমে আসে। কলকাতার বিশিষ্টজনেরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।