চলে গেলেন বঙ্গবন্ধুর শুকুর ডাক্তার
জরাজীর্ণ বাড়ির প্রবেশ দ্বারেই বঙ্গবন্ধুর ছবি। চারপাশের দেওয়ালে আছে অনেক পুরানো বঙ্গবন্ধুর কিছু দূর্লভ ছবি। ছবি আর বাড়ি দেখলে বোঝা যায় এটা কোন ত্যাগী রাজনৈতিক নেতার বাড়ি। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়ার এই বাড়িটি মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ২৮ জানুয়ারী ৮০ বছর বয়সে মারা যাওয়া আজীবন সংগ্রামী নেতা ডাক্তার নুরুল ইসলামের। যাকে বঙ্গবন্ধু ডাকতেন শুকুর ডাক্তার বলে। তিনি কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামের মৃত ফজের আলীর ছেলে। তাঁর ডাক নাম শুকুর। পেশায় তিনি ছিলেন পল্লি চিকিত্সক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবার যশোরে এক সমাবেশে এসে তাঁকে শুকুর ডাক্তার নামে ডাকেন। সেই থেকে বৃহত্তর যশোরের রাজনীতিতে তিনি শুকুর ডাক্তার নামেই পরিচিত। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৫৯ বছর তিনি দেশ ও দলের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু নিজের জন্য কিছুই করেননি।মৃত্যুর ১০ দিন পূর্বে বিছানায় শুয়ে তিনি বলেছিলেন জীবনের অনেক কথা। তিনি বলেন, ‘আজো দলটিকে গোছাবার স্বপ্ন দেখি।’ তার ভাষায় দলের মধ্যে আজ অনেক ভেজাল প্রবেশ করেছে, যারা বঙ্গবন্ধুর আদর্শকে দূরে রেখে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। যা দলকে ক্ষতিগ্রস্ত করছে।শুকুর ডাক্তার জানান, কালীগঞ্জ থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করে তিনি যশোর যান প্যারামেডিকেল পড়তে। সেখানে পড়ালেখার পাশাপাশি ১৯৫২ সালে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেন। তিনি পান কালীগঞ্জ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। পরে যশোরে আওয়ামী লীগে যুক্ত হন এবং ১৯৫৬ সালে যশোর জেলা কমিটির দপ্তর সম্পাদক হন। তারপর নির্বাচিত হন সহ-সম্পাদক। ’৬২ সালের শিক্ষা আন্দোলনে ভূমিকা রেখে তিনি জেলায় ব্যাপক পরিচিতি পান। ১৯৬৬ সালে ৬ দফার আন্দোলনে ভূমিকা রাখায় তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি হয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ২৭ মার্চ দুলাল মুন্দিয়ায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে পরাজিত হন। মারা যান অনেক সহযোদ্ধা। তিনি চলে যান ভারতে। সেখানে প্রশিক্ষণ নিয়ে কখনো যুদ্ধক্ষেত্রে, কখনো ক্যাম্পে বসে চিকিত্সা দেন আহত মুক্তিযোদ্ধাদের। যুদ্ধ শেষে বাড়ি ফিরেন। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু তাঁকে দলীয় কিছু দায়িত্ব দেন। সেই দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছিলেন নুরুল ইসলাম। এমন সময় ওই বছরই চরমপন্থীরা তাঁকে বাড়ি থেকে ধরে মাঠের মধ্যে গুলি করে মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে যায়। গুলিবিদ্ধ অবস্থায় সারা রাত মাঠেই পড়ে ছিলেন তিনি। সকালে এলাকার মানুষ তাঁকে দেখতে পেয়ে যশোর হাসপাতালে নিয়ে যান। আর এই খবর পেয়ে বঙ্গবন্ধু তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার নির্দেশ দেন। ঢাকায় চিকিত্সা নিয়ে বেঁচে যান তিনি। নুরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার পর কালীগঞ্জে আমিই প্রথম প্রতিবাদ করেছি। যে কারণে খোন্দকার মুশতাক সরকার আমাকে চার মাস ২৮ দিন কারাগারে আটকে রাখে। শেখ হাসিনাও দেশে এসে সড়কপথে যখন সফর শুরু করেন, তখন বৃহত্তর যশোর জেলায় তিনিই একমাত্র জীবনের ঝুঁকি নিয়ে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে পথসভার ব্যবস্থা করি।’ডাক্তার নুরুল ইসলাম বলেন, ‘যাঁরা আমাকে দেখতে আসবেন সেই লোকগুলো আজ নেই। কালীগঞ্জের ইকবাল আনোয়ারুল ইসলাম, এহিয়া মোল্লা ও সমশের আলী, শৈলকুপার কামরুজ্জামান ও খাদেমুল ইসলাম, ঝিনাইদহের আব্দুল মজিদ ও মতিয়ার রহমানসহ আমার সহযোদ্ধারা আজ নেই। আমার দেখার কেউ নেই।’ স্থানীয় নেতারা আজ সবাই ব্যস্ত—এ কথা বলেই তিনি বালিশে মুখ লুকিয়ে ফেলেন। নুরুল ইসলামের বড় মেয়ে মনোয়ারা খাতুন বলেন, ‘বাবা কোনো দিন রাজনীতি করে কিছু পাওয়ার আশা করেননি। তিনি শুধু দেশ এবং এলাকার মানুষের কথা ভেবেছেন। তাই সুযোগ থাকা সত্ত্বেও সংসদ নির্বাচনে প্রার্থী হননি। তবে রাজনীতি করতে গিয়ে সন্ত্রাসীরা বাবাকে চারবার হত্যার চেষ্টা করে। তিনবার জেল খেটেছেন। তিনবার আমাদের বাড়ি লুট হয়েছে। একবার আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তার পরও বাবা বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে আসেননি।’