চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিক আব্দুল জলিল
দেশের বর্ষীয়ান রাজনীতিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য আব্দুল জলিল আর ইহজগতে নেই। গতকাল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুল জলিলের মরদেহ বিমানযোগে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সিঙ্গাপুরে খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার বিকেলে আব্দুল জলিলের হূদ্যন্ত্রে বাইপাস অস্ত্রোপচার হয়। পাঁচ ঘণ্টার অস্ত্রোপচার সফল হয় এবং তিনি কথাও বলেন। কিন্তু কিডনিতে (বৃক্ক) ডায়ালাইসিসজনিত জটিলতায় গতকাল ভোর থেকে তাঁর শরীরের অবনতি ঘটতে থাকে। একপর্যায়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করেও তাঁকে বাঁচানো যায়নি। ২০০০ সালেও তাঁর হূদ্যন্ত্রে একবার বাইপাস অস্ত্রোপচার করা হয়েছিল। আব্দুল জলিলের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর দুই মেয়ে চিকিৎসক। বড় ছেলে লন্ডনে বার-অ্যাট-ল করছেন। ছোট ছেলে স্কুলে পড়াশোনা করছে। আব্দুল জলিল ১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁয় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ফয়েজউদ্দিন আহমেদ এবং মাতার নাম জারিনা ফায়েজ। আব্দুল জলিলের রাজনৈতিক জীবন শুরু হয় পঞ্চাশের দশকের শেষের দিকে। ছাত্রজীবন থেকেই তিনি আন্দোলন-সংগ্রামে যুক্ত হয়ে পড়েন। বাষট্টির শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীন বাংলাদেশে তিনি সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের পুরোভাগে ছিলেন। তিনি ছাত্রলীগ ও পরে আওয়ামী লীগের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২০০২ থেকে ২০০৯ সালের ২৪ জুলাই পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯৩ থেকে ২০০২ সাল পর্যন্ত সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী ও সংসদীয় বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আব্দুল জলিল ১৯৭৩, ১৯৮৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শোক: আব্দুল জলিলের মৃত্যুতে দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে তাঁর দল আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা ছিলেন শোকে মুহ্যমান। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, আব্দুল জলিলের মৃত্যুতে দেশ হারিয়েছে তার যোগ্য সন্তানকে, জাতি হারিয়েছে একজন জনদরদি রাজনীতিবিদকে। আওয়ামী লীগ হারিয়েছে দীর্ঘদিনের প্রিয় নেতাকে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক শোকবার্তায় বলেছেন, দেশের স্বাধিকার, স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে আব্দুল জলিল ছিলেন একজন আপসহীন নেতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক শোকবার্তায় দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদসহ বিভিন্ন দল ও অঙ্গসংগঠনের নেতারা পৃথক শোকবার্তা পাঠিয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আব্দুল জলিলের মৃত্যুতে নওগাঁসহ উত্তরাঞ্চলজুড়ে শোকের ছায়া নেমে এসেছে বলে জানান আমাদের আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি। বুধবার বিকেলে তাঁর মৃত্যুসংবাদ প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে নওগাঁ শহরে তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগীসহ সব শ্রেণীর মানুষ নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ের চকদেবপাড়া মহল্লার তাঁর বাসভবনে এসে ভিড় করে।