চলে গেলেন বিশিষ্ট চিত্রশিল্পী আমিনুল ইসলাম
দেশের বিশিষ্ট চিত্রশিল্পী আমিনুল ইসলাম আর নেই। আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্ল্ল¬াহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোর চারটার দিকে হঠাত্ তাঁরা লক্ষ করেন, শিল্পীর শরীর নিথর হয়ে আছে। এ অবস্থায় তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিত্সকেরা জানিয়ে দেন, শিল্পী আরও আগেই মারা গেছেন। শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজ বেলা ১১টার দিকে শিল্পীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ চত্বরে নেওয়া হয়। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, হামিদুজ্জামান, নিসার হোসেন, বীরেন সোম, সুবীর চৌধুরী, শিশির ভট্টাচার্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, সহসভাপতি গোলাম কুদ্দুছ, গৌতম চক্রবর্তীসহ আরও অনেকে। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শিল্পীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ বনানী কবরস্থানে নেওয়া হয়। শিল্পী আমিনুল ইসলাম এই অঞ্চলের প্রথম প্রজন্মের শীর্ষ শিল্পী ও আধুনিক শিল্প-আন্দোলনের অন্যতম প্রধান পুরুষ। তাঁর শিল্পসাধনা, সামাজিক অঙ্গীকার ও আধুনিকতাবোধ আমাদের শিল্পভুবনকে সমৃদ্ধ করেছে। তিনি ১৯৩১ সালের ৭ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সরকারি আর্ট ইনস্টিটিউটের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং ১৯৫৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৫৩-৫৬ পর্যন্ত তিনি ইতালির ফ্লোরেন্সের অ্যাকাডেমি-দ্য-বেল আর্তিতে চারুকলায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। ১৯৫৬ সালে ফ্লোরেন্স থেকে ফিরে এসে তিনি ঢাকা আর্ট ইনস্টিটিউটে শিক্ষকতায় যোগ দেন এবং ১৯৮৩ সালে স্বেচ্ছায় শিক্ষকতা থেকে অবসর নেন। ১৯৫৬ থেকে ২০০৭ পর্যন্ত দেশে ও বিদেশে আমিনুল ইসলামের ১০টি একক চিত্রপ্রদর্শনী হয়েছে। তিনি ১৯৫৭ সালে জাতীয় চারুকলা প্রদর্শনী পুরস্কার, ১৯৬৬ সালে পঞ্চম তেহরান বিয়েনালে ‘গ্র্যান্ড ইম্পিরিয়াল প্রাইস’, ১৯৮১ সালে একুশে পদক, ১৯৮৫ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৮৮ সালে স্বাধীনতা দিবস পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। ঢাকায় বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংক ও ওসমানী স্মৃতি হলে তাঁর ম্যূরাল চিত্র রয়েছে।