চলে গেলেন ভাষাসৈনিক আব্দুল মতিন
স্বাধীনতা পুরস্কারে ভূষিত ও ঢাকা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল গতকাল মঙ্গলবার দক্ষিণ লন্ডনের সেন্ট জর্জ হাসপাতালে রাত সোয়া আটটার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।৮৯ বছর বয়সী আব্দুল মতিনের মৃত্যুতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনসহ ব্রিটেনের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।জীবনালেখ্য আব্দুল মতিন ১৯২৪ সালের ১৩ এপ্রিল নোয়াখালী শহরের পাশের গ্রাম জামালপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আব্দুস সুবহান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ১৯৪৭ সালের ১ নভেম্বর ইউনাইটেড প্রেস অব ইন্ডিয়ার (ইউপিআই) সংবাদদাতা হিসেবে সাংবাদিক-জীবন শুরু করেন আব্দুল মতিন। ১৯৪৮ সালে ঢাকা থেকে ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হতে শুরু করলে, আব্দুল মতিন তাতে প্রথমে সহসম্পাদক হিসেবে যোগ দেন। পরে তিনি পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক ও প্রধান প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেন।ভাষা-আন্দোলনভাষা-আন্দোলনের সময় আব্দুল মতিন কলম সৈনিক হিসেবে জনমত গঠনে ব্যাপক ভূমিকা রাখেন। তাঁর প্রবন্ধ-নিবন্ধগুলো বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার আন্দোলনে দারুণ শক্তি জোগায়। কর্মজীবনইউপিআইর প্রতিনিধি হিসেবে কাজ করার সময় ১৯৫০ সালে আব্দুল ইউনাইটেড প্রেস অব পাকিস্তানের ঢাকা অফিসের সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৫৭ সালে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬০ সালের ১ মার্চ তিনি ‘দৈনিক আজাদ’ পত্রিকার লন্ডন প্রতিনিধি হিসেবে ব্রিটেনে যান এবং তখন থেকে সেখানেই থেকে যান। ব্রিটেন-জীবনে বিভিন্ন পত্রিকা ও সাময়িকী সম্পাদনার সঙ্গে জড়িত ছিলেন আব্দুল মতিন। ১৯৬০-এর দশকে যুক্তরাজ্য থেকে প্রকাশিত ‘দি এশিয়ান’, ‘দেশের ডাক’, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনের জন্য প্রকাশিত ‘বাংলাদেশ নিউজ লেটার’ এবং বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ‘সানরাইজ’, ‘বাংলার কথা’, ‘সাপ্তাহিক বাংলার ডাক’ ও ‘সাপ্তাহিক বজ্রকণ্ঠ’ ইত্যাদি পত্রিকা সম্পাদনায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন তিনি।দীর্ঘদিন লন্ডনের কমিশন ফর রেসিয়াল ইক্যুয়ালিটির তথ্য কর্মকর্তা হিসেবে কাজ করে ১৯৯০ সালে অবসর গ্রহণ করেন আব্দুল মতিন। ২০০৯ সালে বাংলাদেশ সরকার তাঁকে স্বাধীনতা পুরস্কার প্রদান করেন। একই বছর যুক্তরাজ্যের সংহতি সাহিত্য পরিষদ তাঁকে আজীবন সম্মাননা দেয়। তাঁর কর্মময় জীবন ও কাজের স্বীকৃতি হিসেবে ২০১০ সালে যুক্তরাজ্যভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল-এস’ তাঁকে বিশেষ পুরস্কার দেয়। লেখক আব্দুল মতিনআব্দুল মতিনের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে: ‘ইউরোপের দেশে দেশে’ (১৯৬০), ছোটগল্প সংকলন ‘কাস্তে’ (১৯৮৭); ‘স্বাধীনতা সংগ্রামে প্রবাসী বাঙালি’ (১৯৮৯); ‘প্রবাসীর দৃষ্টিতে বাংলাদেশ’ (১৯৯১); ‘শামসুদ্দিন আবুল কালাম ও তার পত্রাবলী’ (১৯৯৮), ‘শেখ হাসিনা: একটি রাজনৈতিক আলেখ্য’ (১৯৯২), আত্মজীবনী ‘স্মৃতিচারণ পাঁচ অধ্যায়’ (১৯৯৫); ‘জীবনস্মৃতি: একটি বিশেষ অধ্যায়’ (২০১২), রাজনীতি বিষয়ক ‘জেনেভায় বঙ্গবন্ধু’ (১৯৮৪); ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: কয়েকটি প্রাসঙ্গিক বিষয়’ (১৯৯৩); ‘খালেদা জিয়ার শাসনকাল: একটি পর্যালোচনা’ (১৯৯৭); ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: মুক্তিযুদ্ধের পর’ (১৯৯৯); ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: কয়েকটি ঐতিহাসিক দলিল’ (২০০৮); ‘বিজয় দিবসের পর: বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ (২০০৯), ইতিহাস বিষয়ক ‘রোমের উত্থান ও পতন’ (১৯৯৫); ‘মহানগরী লন্ডন’ (১৯৯৬); ‘ক্লিওপেট্রা’ (২০০০); ‘দ্বি-জাতি তত্ত্বের বিষবৃক্ষ’ (২০০১); ‘ভলতেয়ার: একটি অনন্য জীবনকাহিনী’ (২০০২); ‘কামাল আতাতুর্ক: আধুনিক তুরস্কের জনক’ (২০০৩); ‘মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি: যুক্তরাজ্য’ (২০০৫); ‘ইউরোপের কথা ও কাহিনী’ (২০০৫); ‘ইউরোপের কথা ও কাহিনী’ (২০০৭); ‘ইউরোপের কথা ও কাহিনী’ (২০০৯)। তাঁর অনূদিত গ্রন্থের মধ্যে আছে ‘ধূসর পৃথিবী’ (উইলা ক্যাথারের উপন্যাস O’Pioneers), ‘ক্ষুদে মানুষের দেশে’ (গ্যালিভারস ট্রাভেলস) এবং ‘ডন কিহোতে’।এ ছাড়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১২টি ইংরেজি পুস্তিকা আছে তাঁর। এগুলোর মধ্যে Power to the Elected Representative (1984); Sheikh Hasina Urges People to Resist Military Junta (1984) এবং Ershad's Election Fraud (1986) উল্লেখযোগ্য।