চলে গেলেন মা, ধুঁকছে দেড় বছরের তানজিনা
শেষ পর্যন্ত মাকে আগলে রাখতে পারল না নাজমুল। তাকে ফাঁকি দিয়ে মা মাকসুদা চলে গেলেন না ফেরার রাজ্যে। নয় বছরের নাজমুলের আফসোস, তার হাত-পাগুলো আরও বড় আর সবল হলে সে মাকে আটকাতে পারত।স্বামীর দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত, অত্যাচার-নির্যাতন-উপেক্ষা সইতে না পেরে গত রোববার দেড় বছরের মেয়ে তানজিনাকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন গৃহবধূ মাকসুদা। দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলে নাজমুল তখন পাশেই দাঁড়িয়ে ছিল। প্রায় ১৭ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাকসুদার মৃত্যু হয়। একই হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ছোট্ট তানজিনা। স্বজনেরা জানান, মাঝেমধ্যে তার জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরে এলেই প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে আবারও জ্ঞান হারাচ্ছে সে। বাঁ চোখটা ফুলে কালো হয়ে রয়েছে। শিরায় স্যালাইন লাগানো। মাঝেমধ্যে ঝাঁকি খেয়ে উঠছে পুরো শরীর।জুরাইনে বিষপানে দুই সন্তানসহ মা ফারজানা রীতার আত্মহত্যা, কমলাপুরে কেরোসিন ঢেলে মা বিলাসীসহ দুই সন্তানের পুড়ে মরার পর এ ঘটনা ঘটল।মাকসুদার ভাই ইউনুস আলী বাদী হয়ে ছয়জনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কমলপুর জিআরপি থানায় হত্যা মামলা করেছেন। আসামিরা হলেন, নিহতের স্বামী আশরাফ উদ্দীন, শ্বশুর আবদুল খালেক, শাশুড়ি আয়েশা আক্তার, ননদ মাজেদা ও লায়লা এবং দেবর কাশেম।মা মারা গেছেন, বাবা মামলার আসামি। এখন নাজমুল আর তার বোনের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েই চিন্তিত তার নানি। বিলাপ করতে করতে বললেন, ‘মা নাই, বাপ থাইকাও নাই। এখন ওরে কে মানুষ করব?’এই নাজমুল, সেই নাজমুল: গত রোববারও দাদার বাড়িতে তার বয়সী আরেকজনের সঙ্গে মারামারি করে পা কেটেছে নাজমুলের। অথচ একটি ঘটনাতেই নাজমুলের বয়স যেন বেড়ে গেছে বেশ কয়েক বছর। সোমবার বিকেলে মাকে দেখেছে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিতে। মঙ্গলবার মায়ের মৃত্যু দেখেছে। দেখছে ছোট্ট বোনটির চরম কষ্ট। এসব দৃশ্য এখন তাকে তাড়িয়ে বেড়াচ্ছে প্রতিনিয়িত।গতকাল ঢাকা মেডিকেল কলেজের ৩৫ নম্বর ওয়ার্ডে দেখা গেল, ছোট বোনের পাশে বসে আছে নাজমুল। মাকে হারিয়েছে, বোনকে সে মরতে দেবে না কিছুতেই।মা কই জিজ্ঞেস করতেই নাজমুলের উত্তর, ‘মইরা গ্যাছে।’ মরে গেলে কী হয়, প্রশ্ন করতেই নাজমুল বলে, ‘কব্বরে যায়’।গত সোমবার সন্ধ্যায় হাসপাতালে আসার পর থেকেই নাজমুল সাংবাদিকদের তথ্য দিয়ে চলেছে। কোনো জড়তা নেই। মায়ের ওপর বাবার অত্যাচারের পুরো বর্ণনাই সে দিয়েছে সাংবাদিকদের।নাজমুল জানায়, গত কয়েক দিন থেকেই তার বাবা দ্বিতীয় বিয়ে করার অনুমতি পেতে মায়ের ওপর নির্যাতন চালাচ্ছিলেন। তার দাদা-দাদিও মাকে মারধর করেছেন বলে জানায় সে।নিহতের মামা হারুন উর রশীদ জানান, মাকসুদা স্বামীর সঙ্গে তেজগাঁওয়ের কুনিপাড়ায় থাকতেন। ছেলে নাজমুল সেখানেই ফরিদউদ্দীন প্রি ক্যাডেট স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। কয়েক মাস থেকেই দ্বিতীয় বিয়ে করার জন্য মাকসুদার ওপর নির্যাতন চালাচ্ছিলেন স্বামী আশরাফ। একপর্যায়ে তাঁকে বাড়ি থেকে তাড়িয়েই দেন তিনি।ছোট নাজমুল জানায়, তার বাবা একজন গার্মেন্টস-কর্মীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাবার মোবাইলে সেই মহিলার ভিডিও বাবা তাকে দেখিয়েছেন। আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল ময়নাতদন্ত শেষে মাকসুদার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই তাঁর দাফন হওয়ার কথা। মাকসুদার স্বামীসহ তাঁর শ্বশুরবাড়ির লোকজনের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে মাকসুদার গ্রামের (চৈতারকান্দা) লোকজন।