চলে গেলেন রশীদ করিম
প্রখ্যাত কথাসাহিত্যিক রশীদ করিম আর নেই। আজ শনিবার ভোর চারটার দিকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রশিদ করিমের মেয়ে নাভিলা মোর্শেদ আজ প্রথম আলো অনলাইনকে বলেন, বাবার অসুস্থতার খবর পেয়ে গতকালই তিনি বাংলাদেশে পৌঁছান। এ কথাশিল্পীর মরদেহ হাসপাতাল থেকে ধানমন্ডিতে তাঁর বাড়িতে আনা হয়। বেলা পৌনে দুইটার দিকে ধানমন্ডির বায়তুল আমান স্থানীয় মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেল চারটার দিকে বাংলা একাডেমীতে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এর পর তাঁকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের ব্যাপারে প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে। রশীদ করিম সম্পর্কে শামসুর রাহমান বলেছিলেন, ‘রশীদ করিম আমাদের দেশের অন্যতম সেরা গদ্যকার। তাঁর উত্তম পুরুষ উপন্যাসের ভাষা আশ্চর্য সহজ-সরল ও আধুনিক। রশীদ করিমকে আমি আমার সেরা বন্ধু মনে করি।’রশীদ করিমের উপন্যাসের মধ্যে আছে উত্তম পুরুষ, প্রসন্ন পাষাণ, আমার যত গ্লানি, প্রেম একটি লাল গোলাপ ও সাধারণ লোকের কাহিনী। তাঁর একমাত্র গল্পগ্রন্থ প্রথম প্রেম; তিনটি প্রবন্ধগ্রন্থ—আর এক দৃষ্টিকোণ, অতীত হয় নূতন পুনরায় ও মনের গহনে তোমার মুরতিখানি।রশীদ করিমের জন্ম ১৯২৫ সালের ১৪ আগস্ট কলকাতায়। সেখানেই বেড়ে ওঠা। ১৯৪২ সালে সওগাত পত্রিকায় তাঁর ‘আয়েশা’ গল্পটি প্রকাশিত হয়। তারপর নিয়মিত লিখেছেন ‘একটি মেয়ের আত্মকাহিনী’।দেশ বিভাগের পর কলকাতা ছেড়ে ঢাকায় চলে আসেন তেল কোম্পানির চাকরি নিয়ে।বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল তাঁর প্রিয় বিষয়। এসব বিষয় রশীদ করিমের সাহিত্যে উঠে এসেছে। ১৯৯২ সালে পক্ষাঘাতে আক্রান্ত হন। তখন থেকেই বাসার মধ্যে আবদ্ধ হয়ে পড়ে তাঁর জীবন। হুইল চেয়ারেই চলাফেরা করতেন তিনি।