চলে গেলেন লৌহমানবী
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ‘লৌহমানবী’ খ্যাত মার্গারেট থ্যাচার আর নেই। গতকাল সোমবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে একজন মুখপাত্র জানিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।মুখপাত্র লর্ড বেল বলেন, ‘মার্ক ও ক্যারল জানিয়েছেন, তাঁদের মা ব্যারোনেস থ্যাচার সোমবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন।’ থ্যাচারের মৃত্যুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে গেছেন। ক্যামেরন বলেন, ‘আমরা একজন মহান নেতা, একজন মহান প্রধানমন্ত্রী ও একজন মহান ব্রিটিশ নাগরিককে হারিয়েছি।’কনজারভেটিভ পার্টির রাজনীতিক ব্যারোনেস থ্যাচার ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। তিনিই দেশটির প্রথম এবং এ পর্যন্ত একমাত্র নারী প্রধানমন্ত্রী। ১৯৭৯, ১৯৮৩ ও ১৯৮৭ সালে সাধারণ নির্বাচনে তিনি দলের বিজয়ে নেতৃত্ব দেন। তিন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ১৯৯২ সালে তিনি রাজনীতি থেকে অবসর নেন।থ্যাচারকে বেশ কিছু কারণে মনে রাখবে বিশ্ববাসী। বিশেষ করে, স্নায়ুযুদ্ধ বন্ধে তাঁর ভূমিকা এবং তাঁর অর্থনৈতিক সংস্কারের কারণে ‘লৌহমানবী’ খ্যাত এই নারী স্মরণীয় হয়ে থাকবেন। থ্যাচারের শাসনামলেই ১৯৮২ সালে বিরোধপূর্ণ ফকল্যান্ডস দ্বীপ নিয়ে আর্জেন্টিনার সঙ্গে যুক্তরাজ্যের যুদ্ধ হয়। ওই যুদ্ধে জয়ী হয় যুক্তরাজ্য। তাঁর সময়ে যুক্তরাজ্য ইউরোপীয় অভিন্ন বাজার গড়ে তোলার সনদে যোগ দেয়—যা পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নে রূপ নেয়।তবে অভ্যন্তরীণ রাজনীতিতে থ্যাচারের কট্টর বাজারমুখী সংস্কার তাঁকে শ্রমিকশ্রেণীর মুখোমুখি করে দেয়। তাঁর সরকার বেশ কিছু রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানকে বেসরকারীকরণ করে। এ ছাড়া কয়লাশ্রমিকদের বিক্ষোভ দমন এবং পোল ট্যাক্স প্রবর্তনের জন্য তিনি অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপকভাবে সমালোচিত হন। ১৯৮৭ সালে দলীয় এমপিদের অনাস্থার কারণে তিনি যখন পদত্যাগ করেন, তখন যুক্তরাজ্য বড় ধরনের মন্দার কবলে পড়েছিল।সাম্প্রতিক বছরগুলোতে থ্যাচার অসুস্থ ছিলেন। নিজ বাড়িতে চলাচলের অসুবিধার কারণে তিনি লন্ডনের একটি আবাসিক হোটেলে বাস করছিলেন। সেই হোটেলেই গতকাল তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।