চলে গেলেন শিল্পী বিজন চৌধুরী
চলে গেলেন ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পী বিজন চৌধুরী। গতকাল শুক্রবার দুপুর ১২টা ৩৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ১৫ দিন ধরে তিনি ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।বিজন চৌধুরীর জন্ম বাংলাদেশের অবিভক্ত ফরিদপুর জেলার কোটালীপাড়ায়, ১৯৩১ সালের ৩০ নভেম্বর। শৈশব কেটেছে কোটালীপাড়ায়। এরপর তিনি চলে আসেন কলকাতায়। কলকাতার সরকারি আর্ট কলেজে স্নাতক অধ্যয়নকালে বামপন্থী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়লে তাঁকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। এ সময় বাংলাদেশের শিল্পাচার্য জয়নুল আবেদিনের অনুপ্রেরণায় ঢাকায় আসেন এবং আর্ট স্কুলে ভর্তি হন। ১৯৫৩ সালে তিনি ওখান থেকেই স্নাতকে প্রথম শ্রেণীতে প্রথম হন।ঢাকায় বিশিষ্ট শিল্পী কাইয়ুম চৌধুরী বলেছেন, বিজন চৌধুরী ও দেবদাস চক্রবর্তী উভয়ই বাম আন্দোলনের কারণে কলকাতা আর্ট কলেজ থেকে বহিষ্কার হয়েছিলেন। তাঁরা ১৯৪৮ সালে ঢাকা আর্ট কলেজের প্রথম ব্যাচে ভর্তি হন। বাম আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে সমাজসচেতন ছিলেন। ভাষা আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন। পরে ১৯৫৩ সালে কবি হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় প্রথম যে একুশের সংকলনটি প্রকাশিত হয়, তাতে শিল্পী মুর্তজা বশীরের ছবির সঙ্গে তাঁরও কিছু ছবি ছিল। তিনি এখানে প্রগতিশীল আন্দোলনেও জড়িয়ে পড়েছিলেন। তখন পরিস্থিতি ছিল উত্তপ্ত। গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ছিল। একপর্যায়ে তিনি কলকাতায় চলে যান এবং শেষ পর্যন্ত কলকাতাতেই স্থায়ী হন। কালক্রমে নিজেকে সেখানে বিশিষ্ট শিল্পী হিসেবে গড়ে তোলেন।এ ছাড়া মুক্তিযুদ্ধের সময়েও তিনি কলকাতায় যাওয়া শিল্পী-সাহিত্যিকদের নানাভাবে সহায়তা করেছেন, বিশেষ করে কামরুল হাসান, দেবদাস চক্রবর্তীদের নিয়ে শিল্পীদের সংগঠিত করে গভর্নমেন্ট আর্ট কলেজে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন। বাংলাদেশ ছেড়ে গেলেও জন্মভূমির প্রতি বরাবরই তিনি গভীর টান অনুভব করেছেন। বহুবার ঢাকায় এসেছেন, আর্ট ক্যাম্প ও কর্মশালায় অংশ নিয়েছেন। তাঁর কাজের একক ও যৌথ প্রদর্শনী হয়েছে।বিজন চৌধুরী দেশ-বিদেশে বহু সম্মানে ভূষিত হন। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডিলিট প্রদান করে। দেশ-বিদেশে তাঁর বহু চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তিনি ইন্ডিয়ান কলেজ অব আর্টসের অধ্যক্ষ হিসেবে কাজ করেন। তিনি জড়িত ছিলেন কলকাতার গণতান্ত্রিক লেখক শিল্পী সমিতির সঙ্গে।বিজন চৌধুরীর মৃত্যুতে শিল্পী মহলে শোকের ছায়া নেমে আসে। কলকাতার চিত্রশিল্পীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি রেখে যান তিনি ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অগণিত গুণগ্রাহী। শুক্রবার গভীর রাতে কলকাতার কেওড়াতলা শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য হওয়ার কথা।