দীর্ঘদেহী, মাথা ভরা সফেদ চুল, স্মিত হাসিভরা মুখের মানুষটি চলে গেলেন। মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে প্রথম সারিতে ছিলেন তিনি। ছিলেন স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনেও। তিনি শিল্পী ইমদাদ হোসেন। গতকাল রোববার ৮৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন বেশ কিছু দিন থেকে। ছিল ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যা। মাঝে মাঝেই ভর্তি করানো হচ্ছিল হাসপাতালে। বুধবার অবস্থা গুরুতর হলে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হয়েছিল। চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে গতকাল সকাল ১০টা ১৫ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্তলোকে যাত্রা করেন এই প্রবীণ সংগ্রামী।পারিবারিক সূত্রে জানা গেছে, শিল্পীর মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হয়েছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রাখা হবে। এরপর নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে রাখা হবে বেলা একটা পর্যন্ত। বাদ জোহর তাঁর প্রথম জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর দাফনের জন্য নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি কেরানীগঞ্জে। সেখানে রুহিতপুর কলেজ ময়দানে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেনের মৃত্যুর সংবাদে শিল্পী ও সাংস্কৃতিক পরিমণ্ডলে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এবং আইন ও সালিশ কেন্দ্র শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে অনেকেই হাসপাতালে ছুটে আসেন তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে। তাঁদের মধ্যে ছিলেন শিল্পী রফিকুন নবী, সাংসদ আসাদুজ্জামান নূর, মানবাধিকার নেত্রী সুলতানা কামাল, রাজনীতিক নূহ-উল-আলম লেনিন, চারুকলা অনুষদের ডিন শিল্পী আ হ ম মতুল আলী, আবুল বারক আলভী, শহীদ কবির, শিশির ভট্টাচার্য্য, জামাল আহমেদ, শেখ আফজাল, মুস্তাফিজুল হক, মনিরুজ্জামানসহ অনেকে।শিল্পী ইমদাদ হোসেনের জন্ম ১৯২৬ সালের ২১ নভেম্বর চাঁদপুরে। তাঁর বাবা মাজিদ বক্স ও মা সাবেদুন নেসা। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ। পারিবারিক আবহই তাঁর মধ্যে শিল্পী হওয়ার প্রেরণা সঞ্চার করেছিল। ১৯৪৮ সালে তিনি সদ্য প্রতিষ্ঠিত ঢাকা আর্ট কলেজের প্রথম ব্যাচে ভর্তি হন।১৯৫০ সালে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে ইমদাদ হোসেন স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে কেরানীগঞ্জে দাঙ্গা প্রতিরোধে অনন্য ভূমিকা রাখেন। মহান রাষ্ট্রভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাতৃভাষা বাংলার দাবিতে মিছিলে তিনিও ছিলেন প্রথম সারিতে। তিনি ছিলেন ১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য। ২০ ফেব্রুয়ারি সারা রাত তিনি সংগ্রাম পরিষদের কার্যালয়ে থেকে পোস্টার-ব্যানার লেখার কাজ করে পরদিন সমাবেশে অংশ নেন।১৯৫৩ সালে তিনি ছাত্র অবস্থাতেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে বিভিন্ন বইয়ের প্রচ্ছদ আঁকাসহ নানা ধরনের কাজ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। ১৯৫৪ সালে তিনি আর্ট ইনস্টিটিউট থেকে পাস করে ‘ভিবজিওর’ নামের একটি বাণিজ্যিক চিত্রকলা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই বছরের ২১ নভেম্বর মামাতো বোন মনোয়ারা বেগমকে বিয়ে করেন। তাঁদের দুই মেয়ে ও চার ছেলে।কর্মজীবনে ইমদাদ হোসেন অনেক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়েছেন। বিভিন্ন পর্যায়ে শিল্পী হিসেবে এশিয়ান ফাউন্ডেশন, ইস্ট পাকিস্তান ডিজাইন সেন্টার, সুইডিশ-পাক ফ্যামিলি ওয়েলফেয়ার প্রজেক্ট, পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রের প্রধান ডিজাইনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কাজ করেন। কয়েকজন বন্ধুর সঙ্গে ‘মুক্তধারা’ নামের একটি প্রকাশনা সংস্থাও গড়ে তোলেন।তিনি ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের আন্দোলনে সক্রিয় ছিলেন। পটুয়া কামরুল হাসানকে সভাপতি ও তাঁকে সাধারণ সম্পাদক করে গঠিত হয় ‘চারুশিল্পী সংস্থা’। এই সংগঠন থেকে প্রকাশিত হয় বড় বড় পোস্টার-ব্যানার। মুক্তিযুদ্ধের সময় কেরানীগঞ্জে তাঁর বাড়িটি ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল।ইমদাদ হোসেন নিজে সরাসরি বাম রাজনীতির সঙ্গে জড়িত না হলেও বাম রাজনীতিকদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল ঘনিষ্ঠ। কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলে তাঁর বাড়িতেই পার্টির গোপন সভা হতো এবং আত্মগোপনকারী নেতারা তাঁর ঢাকার ভাড়া বাসায় বা গ্রামের বাড়িতে আশ্রয় নিতেন।১৯৭২ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে যোগ দেন। বিটিভির বর্তমান লোগোটি তাঁরই করা। ১৯৭৬ সালে বিসিকের ডিজাইন সেন্টারে যোগ দেন এবং ১৯৯১ সালে এখান থেকেই অবসর নেন। পরে তিনি কাজ করেছেন কালার স্ক্যান লিমিটেডের উপদেষ্টা হিসেবে।বিসিকের ডিজাইন সেন্টারে কাজ করার সময় প্রধান নকশাবিদ হিসেবে তিনি দেশের ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্প মেলাকে শহরাঞ্চলে ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখেন। ঢাকায় বৈশাখী মেলা, বসন্ত মেলা ও যশোরে মধূমেলার আয়োজন করেন। মধ্যস্বত্বভোগীদের থেকে তাঁতিদের বাঁচাতে বিসিকের উদ্যোগে তাঁতবস্ত্রের মেলা ও প্রদর্শনীর আয়োজনের উদ্যোক্তা ছিলেন তিনি।শিল্পী ইমদাদ হোসেন চারুশিল্পে বিশেষ অবদান রাখায় ২০১০ সালে একুশে পদকে ভূষিত হন। এ ছাড়া তিনি বাংলা একাডেমীর ফেলো, দৈনিক জনকণ্ঠ আজীবন সম্মাননা, চারুশিল্পী সংসদের সম্মাননাসহ বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছেন।