চলে গেলেন সাংবাদিক নির্মল সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বাম রাজনীতিবিদ নির্মল সেন আর নেই। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি পরলোকগমন করেন।নির্মল সেনের ভাইয়ের ছেলে কঙ্কন সেন মুঠোফোনে প্রথম আলো ডটকমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, নির্মল সেনের মরদেহ ল্যাবএইড হাসপাতালের হিমঘরে রাখা হবে। ল্যাবএইড হাসপাতালের হেড অফ অপারেশনস আল এমরান চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, গত বছরের ২৩ ডিসেম্বর থেকে নির্মল সেন হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি স্নায়ুরোগ বিশেষজ্ঞ সিরাজুল হকের তত্ত্বাবধানে ছিলেন বলে তিনি জানান। ল্যাবএইড হাসপাতালের প্রশাসনিক ওই কর্মকর্তা আরও বলেন, ২০১০ সাল থেকে ল্যাবএইড নির্মল সেনের চিকিত্সার ব্যয় বহন করছে। নির্মল সেনের ভাইয়ের ছেলে কঙ্কন সেন বলেন, গত বছরের ২৪ ডিসেম্বর থেকে নির্মল সেনকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার দিঘিরপাড় গ্রামে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরেই বসবাস করছিলেন নির্মল সেন। গত বছরের ২৩ ডিসেম্বর বিকাল চারটার দিকে গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিত্সার জন্য ঢাকার ল্যাবএইড হাসপাতালের ভর্তি করা হয়। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ৬৯ এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন সব আন্দোলনেই সামনের সারিতে ছিলেন নির্মল সেন। ২০০৩ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে (স্ট্রোক) আক্রান্ত হন নির্মল সেন। এরপর তিনি দেশ ও বিদেশে চিকিত্সা নিয়েছেন।