চলে গেলেন সাংসদ আখতারুজ্জামান
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে চারটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।সিঙ্গাপুরে অবস্থানরত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রথম আলোকে জানান, আজ সোমবার বিকেল পাঁচটা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আখতারুজ্জামানের মরদেহ ঢাকায় পৌঁছাবে। জাহাঙ্গীর কবিরও একই ফ্লাইটে ঢাকা আসবেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করে মরহুম আখতারুজ্জামানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আখতারুজ্জামান দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। সিঙ্গাপুরে প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন। চট্টগ্রামের আনোয়ারা থেকে তিনি তিনবার সাংসদ নির্বাচিত হন। পাট ও বস্ত্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি আরামিট গ্রুপ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান ছিলেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্বও তিনি পালন করেছেন।আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুর খবর পৌঁছালে চট্টগ্রামে শোকের ছায়া নেমে আসে। ১৯৭৭ সাল থেকেই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। জানা যায়, কাল মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারে তাঁর মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে। সেখানে বিকেল পাঁচটায় জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জানাজা এবং পরদিন ৭ নভেম্বর সকালে পশ্চিম পটিয়া এস এ চৌধুরী কলেজ মাঠে বাদ জোহর, আনোয়ারা স্কুল মাঠে বাদ আসর এবং নিজ গ্রামের হাইলদর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। আখতারুজ্জামানের মৃত্যুতে স্পিকার আবদুল হামিদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার শওকত আলী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ডাক ও টেলিযোগোযোগমন্ত্রী সাহারা খাতুন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, চিফ হুইপ আব্দুস শহীদ, বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং রাজনীতিবিদেরা গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ইসলামী ছাত্রসেনা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।