চলে গেলেন সাহিত্যিক আবদুশ শাকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট লেখক ও সংগীতবিশারদ আবদুশ শাকুর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় রাজধানীর ধানমন্ডির নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।আবদুশ শাকুরের বড় ছেলে ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে দুই দিন আগ পর্যন্ত তিনি সুস্থ ছিলেন এবং লেখালেখি করেছেন। পারিবারিক সূত্র জানায়, আবদুশ শাকুরের মেয়ে শাকিলা ইয়াসমীন ও ছোট ছেলে ইমতিয়াজ আহমেদ কানাডায় থাকেন। কাল ১৭ জানুয়ারি তাঁরা ঢাকায় আসবেন এবং কালই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আবদুশ শাকুরকে সমাহিত করা হবে। তার আগ মরদেহ রাখা হবে হিমঘরে। দাফনের আগে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার ও বাংলা একাডেমীতে নেওয়া হবে।আবদুশ শাকুরের জন্ম ২৫ ফেব্রুয়ারি ১৯৪১ সালে, নোয়াখালীর সুধারাম থানার রামেশ্বরপুর গ্রামে। তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেন। পরে ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মান এবং ১৯৬৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর ১৯৮০ সালে নেদারল্যান্ডসের আইএসএস থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন। কর্মজীবনের প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন। পরে যোগ দেন পাকিস্তান সিভিল সার্ভিসে। বাংলাদেশ সরকারের সচিব হিসেবে ২০০০ সালে তিনি কর্মজীবন থেকে অবসর নেন। বাংলা সাহিত্যে আবদুশ শাকুরের বিচরণ লক্ষণীয়। তিনি লিখেছেন গল্প, উপন্যাস, রসরচনা, নাটক এবং সাহিত্য, সংগীত ও পুষ্পবিষয়ক প্রবন্ধ। তাঁর অন্যতম রচনার মধ্যে রয়েছে: ক্রাইসিস, উত্তর দক্ষিণ সংলাপ, এপিটাফ, বিচলিত প্রার্থনা, গোলাপধোলাই, মহামহিম রবীন্দ্রনাথ, সঙ্গীত সংবিৎ, গোলাপ সংগ্রহ, মহান শ্রোতা, চুয়াত্তরের কড়চা, সঙ্গীত সঙ্গীত, খেয়ালখাতা, বাঙালির মুক্তির গান, সংলাপ ইত্যাদি। আবদুশ শাকুর সম্পাদিত অন্যতম রসরচনার মধ্যে রয়েছে: নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সেরা রম্যরচনা, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের সেরা রম্যগল্প, সৈয়দ মুজতবা আলীর সেরা গল্প ইত্যাদি। বাংলা ও ইংরেজি ভাষার বাইরে ফার্সি ভাষাতেও তাঁর দখল ছিল। সাহিত্যে অনন্য অবদানের জন্য আবদুশ শাকুর ১৯৭৯ বাংলা একাডেমী পুরস্কার, ২০০৩ সালে ভারতের পশ্চিমবঙ্গ থেকে অমিয় ভূষণ পুরস্কার এবং ২০০৪ সালে মননশীল প্রবন্ধের বই গোলাপ সংগ্রহ-এর জন্য প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার পান। আবদুশ শাকুরের গোলাপ সংগ্রহ গোলাপবিষয়ক একটি গবেষণাধর্মী প্রবন্ধের বই। এতে শুধু পুষ্পরানী গোলাপ সম্পর্কেই নয়; রয়েছে মৌসুমি, বর্ষজীবী, দ্বিবর্ষজীবী, চিরজীবী পুষ্পবিষয়ক বিবিধ আলোচনা। উদ্যানচর্চা ছিল আবদুশ শাকুরের অন্যতম নেশা। সংগীতেও ছিল তাঁর অবাধ বিচরণ। গবেষণামূলক বই সঙ্গীত সঙ্গীত-এ তিনি সংগীতের স্বর, সুর ও কথা এবং হিন্দুস্তানি সংগীত বনাম কর্ণাটকি সংগীত ইত্যাদি বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। সংগীতশিল্পী হিসেবে আবদুশ শাকুর সুধী মহলে ছিলেন সমাদৃত ব্যক্তি। তাঁর গাওয়া পুরোনো দিনের আধুনিক বাংলা গান ও রবীন্দ্রসংগীতের ১০টি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে কলকাতা থেকে।