চলে গেলেন সিদ্ধার্থ শংকর রায়
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায় আর নেই। আজ শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে তিনি দক্ষিণ কলকাতার বেলতলা পার্কের নিজ বাসভবনে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনির রোগে ভুগছিলেন। আজ রোববার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।সিদ্ধার্থ শংকর রায়ের জন্ম ১৯২০ সালে। তাঁর আদি বাড়ি ছিল বাংলাদেশের মুন্সিগঞ্জের হাসারা গ্রামে। ঢাকা শহরের নবদ্বীপ বসাক রোডেও ছিল তাঁদের বাড়ি। তাঁর বাবা সুধীর কুমার রায় ব্যারিস্টার ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী মায়া রায়ও ব্যারিস্টার ছিলেন। মায়া রায় আগেই প্রয়াত হয়েছেন। সিদ্ধার্থ শংকর রায় নিঃসন্তান ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন তাঁর মাতুল দাদা।১৯৫৭ সালে ডা. বিধান চন্দ্র রায়ের মন্ত্রিসভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে সিদ্ধার্থ শংকর রায়ের রাজনৈতিক জীবন শুরু। তিনি ১৯৭১ সালে কেন্দ্রীয় শিক্ষা, কৃষ্টি ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে তাঁকে পশ্চিমবঙ্গ-বিষয়ক মন্ত্রীর বাড়তি দায়িত্ব দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তুলতে তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, জাপান ও অস্ট্রেলিয়া সফর করেন। সিদ্ধার্থ শংকর রায় ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রী ছিলেন।সিদ্ধার্থ শংকর রায় পাঞ্জাব রাজ্যের রাজ্যপাল (১৯৮৬-৮৯) ও যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত (১৯৯২-৯৬) ছিলেন।