বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব সুভাষ দত্ত আর নেই। গতকাল শুক্রবার সকাল সাতটা ১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের নিজ বাসায় মৃত্যুবরণ করেন মেধাবী ও সৃষ্টিশীল এই চলচ্চিত্রনির্মাতা। সুভাষ দত্তের মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে। গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা প্রয়াতের বাসভবনে গিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। সুভাষ দত্তের বড় ছেলে শিবাজী দত্ত প্রথম আলোকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হবে।’আজ শনিবার সকাল নয়টায় সুভাষ দত্তের মরদেহ রাখা হবে রামকৃষ্ণ মিশনে। দুপুর ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর কফিন রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর মরদেহ নেওয়া হবে এফডিসিতে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় মরদেহ নেওয়া হবে পোস্তগোলা শ্মশানে। সেখানেই সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে শেষকৃত্য। সুভাষ দত্তের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুই ছেলের মধ্যে ছোট ছেলে রানাজী দত্ত সুইডেনপ্রবাসী। আর দুই মেয়ে শিল্পী ও শতাব্দী দত্ত দেশেই থাকেন। সুভাষ দত্তের স্ত্রী সীমা দত্ত আগেই মারা গেছেন। ১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি দিনাজপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন সুভাষ দত্ত। কর্মজীবনের শুরুর দিকে কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে সিনেমার পোস্টার আঁকতেন তিনি। তারপর চলচ্চিত্রে অভিনয় এবং চলচ্চিত্র নির্মাণ—প্রতিটি ক্ষেত্রেই ছিল তাঁর সৃজনশীল কর্মের ঈর্ষণীয় সাফল্য। ১৯৬৪ সালে সুভাষ দত্তের প্রথম চলচ্চিত্র সুতরাং মুক্তি পায়। এই ছবিতেই সাফল্য পান তিনি। ১৯৬৫ সালে ফ্রাংকফুর্ট চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কৃত হয়। এরপর দেশে-বিদেশে অনেক পুরস্কার ও সম্মাননা পান সুভাষ দত্ত। এসব পুরস্কার ও সম্মাননার মধ্যে আছে একুশে পদক (১৯৯৯), জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা (২০০৩) ইত্যাদি। এ ছাড়া মস্কো চলচ্চিত্র উৎসব (১৯৬৭, ১৯৭৩ ও ১৯৭৯) ও নমপেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও (১৯৬৮) পুরস্কৃত হয়েছে তাঁর চলচ্চিত্র। শ্রেষ্ঠ সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন পাকিস্তান চলচ্চিত্র উৎসবে (১৯৬৫)।সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমা দেখেই সুভাষ দত্তের চলচ্চিত্র নির্মাণের অনুপ্রেরণা। তাঁর নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো: অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আবির্ভাব, কাগজের নৌকা, পালাবদল, আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট, বিনিময়, আকাঙ্ক্ষা, বসুন্ধরা, ডুমুরের ফুল, সকাল সন্ধ্যা, আবদার, নাজমা, সবুজসাথী, স্বামী-স্ত্রী, ফুলশয্যাসহ অনেক দর্শকনন্দিত ছবি। নির্মাণের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান শতাব্দী ফিল্ম থেকে প্রযোজনা করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্র। চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেছিলেন সুভাষ দত্ত। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে আছে: এ দেশ তোমার আমার, রাজধানীর বুকে, সূর্যস্নান, চান্দা, তালাশ, নদী ও নারী, হারানো সুর, ক্যায়সে কুহু, পয়সে, কলকাতা ’৭১, নয়া মিছিল ইত্যাদি। সুভাষ দত্ত অভিনয় করেছেন মঞ্চেও। ১৯৭২ সালে আরণ্যক নাট্যদলের প্রথম প্রযোজনা কবর নাটকে তাঁর মঞ্চাভিনয়। ‘সুতরাং’ শিরোনামে সুভাষ দত্তের জীবনের বিভিন্ন সময়ের কর্মের আলোকচিত্র নিয়ে আলোকচিত্রী সালমা আহমেদ আয়োজন করেছেন সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ২০ নভেম্বর দৃক গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন হবে। তবে সেই আয়োজন আর দেখে যেতে পারলেন না তিনি। ওই দিন প্রদর্শনীস্থলে অনুষ্ঠিত হবে স্মরণসভা।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চলচ্চিত্র জগতের এই খ্যাতিমান পুরুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এসব সংগঠনের নেতারা বলেন, জীবনমুখী ও সৃজনশীল চলচ্চিত্র নির্মাণে তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ।জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব পৃথক শোকবাণীতে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ ছাড়া বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, রণেদ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, ন্যাপ (ভাসানী), বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন, সেলিম আল দীন স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।