চলে গেলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা টিংকু
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের অন্যতম জাহাঙ্গীর সাত্তার টিংকু (৫২) আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বুধবার ভোর চারটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে মস্তিষ্কের ক্যানসারে ভুগছিলেন তিনি। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র টিংকু নব্বই সালে বাকশাল-সমর্থিত জাতীয় ছাত্রলীগের সর্বশেষ সভাপতি ছিলেন। স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের লক্ষ্যে ‘সর্বদলীয় ছাত্রঐক্য’ গঠনের শুরু থেকে অগ্রণী ভূমিকা ছিল তাঁর। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন। মডার্ন সিকিউরিটিস লিমিটেডের পরিচালক ছিলেন জাহাঙ্গীর সাত্তার টিংকু।আজ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সাবেক এ ছাত্রনেতাকে।জাহাঙ্গীর সাত্তার টিংকু স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।