ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন আর নেই। গতকাল বৃহস্পতিবার সকালে লন্ডনের রয়েল ব্রমটন হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। হুসেনের বয়স হয়েছিল ৯৬ বছর। পক্ব কেশের চিরতরুণ এই শিল্পীকে ‘ভারতের পিকাসো’ নামে অভিহিত করেছিল বিখ্যাত ফোর্বস সাময়িকী।কয়েক মাস ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন মকবুল ফিদা হুসেন। তাঁর ফুসফুসে পানি জমে গিয়েছিল। ফিদা হুসেন ২০০৬ সাল থেকে স্বেচ্ছানির্বাসনে ছিলেন। হিন্দু দেব-দেবীকে নিয়ে ছবি আঁকার কারণে তাঁর ওপর ক্ষিপ্ত হয় উগ্রবাদী হিন্দুরা। তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়। এরপর শিল্পী দেশ ছেড়ে চলে যান। আর কখনো ফেরেননি। কাতারের নাগরিকত্ব গ্রহণ করেন ২০১০ সালে। দেশ ছাড়ার পরের দিনগুলো তাঁর কেটেছে কাতার ও লন্ডনে।আপাদমস্তক শিল্পী ছিলেন ফিদা হুসেন। অনেক সামাজিক অনুষ্ঠানে চলে যেতেন নগ্নপদে। তাঁর ছবি ছিল মুক্ত প্রাণের বাধাহীন প্রকাশ। দেশ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে একবার বলেছিলেন, ‘গুহামানবের আনন্দে ছবি আঁকি।’শিল্প সমালোচক এস কালিদাস স্মৃতিচারণা করে বলেন, যেকোনো স্থানে আঁকতে পারতেন স্বনামখ্যাত এ শিল্পী। রাস্তা, স্টুডিও যেখানেই হোক, রং-তুলির খেলায় মেতে উঠতে পারতেন। আর হুসেনের মতো এত দ্রুত কাউকে ছবি আঁকতে দেখেননি বলেও জানিয়েছেন কালিদাস।মকবুল ফিদা হুসেনের যে ছবিগুলো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়, সেগুলো তিনি এঁকেছিলেন ১৯৭০ সালে। কিন্তু ১৯৯৬ সালে একটি হিন্দি সাময়িকীতে ছবিগুলো প্রকাশের পরই হইচই শুরু হয়। ১৯৯৮ সালে বজরং দলসহ কিছু উগ্র হিন্দু সংগঠনের লোকজন ফিদা হুসেনের বাড়িতে হামলা চালায়, ধ্বংস করে তাঁর চিত্রকর্ম। একের পর এক মামলা হয় তাঁর বিরুদ্ধে। দেব-দেবীদের নগ্ন ছবি এঁকে দেশের মানুষের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে আদালত তাঁকে অভিযুক্ত করেন। একটি মামলায় তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন আদালত।বিতর্ক আরও চড়িয়ে দেয় ২০০৬ সালে ফিদা হুসেনের আঁকা মাদার ইন্ডিয়া (ভারতমাতা) ছবিটি। পুরো দেশের মানচিত্রের ওপর তিনি আঁকেন নগ্ন এক নারীর চিত্র। আর তাঁর শরীরের অন্যান্য অংশে বসিয়ে দেন ভারতের বিভিন্ন রাজ্যের নাম। এর পরই দেশ ছাড়েন তিনি। তবে দেশের কথা তিনি কখনো ভুলতে পারেননি। দেশকে কতটা অনুভব করেন, বিভিন্ন সময়ে বলেছেন সে কথা। এনডিটিভিকে তিনি বলেছিলেন, ‘জীবনের শেষনিঃশ্বাস পর্যন্ত আমি ভারতের চিত্রশিল্পীই থাকব।...শুধু বিতর্ক সৃষ্টির জন্য কেউ কাজ করে না। আপনার নতুন ধরনের কাজ যখন মানুষ বুঝতে পারে না, তখনই বলা হবে বিতর্ক সৃষ্টির জন্যই আপনি তা করেছেন।’মকবুল ফিদা হুসেনের জন্ম ভারতের মহারাষ্ট্রে ১৯১৫ সালের ১৭ সেপ্টেম্বর। বলিউড চলচ্চিত্রের পোস্টার আঁকার মধ্য দিয়ে চিত্রকলার অঙ্গনে তাঁর প্রবেশ। তবে চিত্রকলায় তাঁর নাম ছড়াতে শুরু করে ১৯৪০-এর দশকের শেষের দিক থেকে। তিনি ‘প্রগতিশীল শিল্পীদের দলে’ (প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপ) যোগ দেন ১৯৪৭ সালে। তরুণ শিল্পীদের গোষ্ঠী ছিল এটি। বেঙ্গল স্কুল অব আর্টের জাতীয়তাবাদী ধারা থেকে বেরিয়ে আসাই ছিল তাঁদের লক্ষ্য।মকবুল ফিদা হুসেনের প্রথম একক চিত্র প্রদর্শনী হয় ১৯৫২ সালে সুইজারল্যান্ডের জুরিখে। এর কয়েক বছরের মধ্যে ইউরোপ ও আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়ে তাঁর খ্যাতি। ১৯৫৫ সালেই ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত করে। ১৯৭৩ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মভূষণ’ এবং ১৯৯১ সালে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘পদ্মবিভূষণ’ পান। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা সদস্য মনোনীত হয়েছিলেন ১৯৮৬ সালে।বলিউডের চিত্রনায়িকা মাধুরী দীক্ষিতের দারুণ ভক্ত ছিলেন মকবুল ফিদা হুসেন। মাধুরীকে মডেল করে অনেক ছবি তিনি এঁকেছেন। ওই সব ছবি বিক্রিও হয়েছে চড়া দামে। এ ছাড়া মাধুরীকে নিয়ে গজগামিনী নামের একটি চলচ্চিত্রও নির্মাণ করেছেন তিনি। পছন্দের আরেক নায়িকা টাবুকে নিয়ে করেছেন চলচ্চিত্র মীনাক্ষী।ফিদা হুসেনের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল বলেছেন, ‘ফিদা হুসেনের বিদায় শিল্পকলার জগতে এক বিরাট শূন্যতা সৃষ্টি করবে।’ প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর মৃত্যুকে জাতীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। এএফপি, রয়টার্স, বিবিসি।