চলে গেলেন ‘রোমান্স-সম্রাট’ যশ চোপড়া
রোমান্স-সম্রাট হিসেবে খ্যাত বলিউডের চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক যশ চোপড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ১৩ অক্টোবর শনিবার বিকেলে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল যশ চোপড়াকে। যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘হাসপাতালে ভর্তি হওয়ার পর যশ চোপড়ার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাতে ডেঙ্গুজ্বর ধরা পড়ে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আজ রোববার তিনি মারা যান।এর আগে ১০ অক্টোবর অমিতাভ বচ্চনের ৭০তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অংশ নেন যশ চোপড়া। পরদিন সকালে অসুস্থ বোধ করেন তিনি। শুরুতে বাড়িতেই তাঁকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। যশ চোপড়া পরিচালিত সর্বশেষ ছবি ‘যব তক হ্যায় জান’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ নভেম্বর যাতে অভিনয় করছেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা। গত সেপ্টেম্বর মাসে চলচ্চিত্র নির্মাণ থেকে অবসরের ঘোষণা দেন ৮০ বছর বয়সী এ নির্মাতা।১৯৩২ সালের ২৭ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের লাহোরে জন্মগ্রহণ করেন যশ চোপড়া। ১৯৫৯ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি ‘ধুল কা ফুল’। পরবর্তী সময়ে ‘ওয়াক্ত’, ‘ইত্তেফাক’, ‘দিওয়ার’, ‘কালা পাথর’, ‘সিলসিলা’, ‘চাঁদনি’, ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বির-জারা’সহ মোট ২২টি ছবি পরিচালনা করেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন ‘পদ্মভূষণ’ খেতাব পাওয়া এই গুণী নির্মাতা। এ ছাড়া ফ্রান্সের লিজিয়ন অব অনার, পুসান চলচ্চিত্র উৎসব থেকে এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার, ফিল্মফেয়ার, আইফা, দাদা সাহেব ফালকে, কিশোর কুমার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন যশ চোপড়া।