চলে যাচ্ছ তুমি মায়ার জননী
দুর্গাপূজার দশটা দিন মানে একবার মাতৃমুখী, একবার মেলামুখী ছোটাছুটি। ঘরের মা আর মেলার মধ্যে রাজরানির মতো অধিষ্ঠিতা দেবীমাতার কাছে যাওয়া-আসা। শরতের সুন্দর হলো তার ধু ধু দুপুর, পূজামণ্ডপে ঠিক দুপুরবেলাতেই উদাস উদাস লাগে। আর ঠিক দুক্কুর বেলা, ভুতে মারে ঢেলা। আর মনে কত কথা আসে। একমনে দুর্গাকে ঘিরে থাকা সরস্বতী, গণেশ, কার্তিক, লক্ষ্মীদের সঙ্গে থাকা, কথা বলা। পুরোহিতদের চোখ এড়িয়ে দুর্গাকে বলি, ‘ও দুর্গা, তুমিও কি মায়ের মতোন কোমলে-কঠিন? এই কি তোমার সংসার? এই সন্তানসন্ততি, পোষ্যদের নিয়ে যে তুমি এসেছ, আবার কি ফিরে যাবে কোন সুদূরে? সেখানে কি তোমার ঘরবাড়ি? বৃক্ষ-লতা, পশু-পাখি-ফুল আর খাঁড়া-বর্শার পাহারায় নিরাপদ আবাস? সরস্বতীর ওই রাজহংস, কার্তিকের ওই ময়ূর, গণেশের ওই ইঁদুর আর লক্ষ্মীর ওই ময়ূরও কি সঙ্গে যাবে?’ এসব ভাবতে ভাবতে এক ধনধান্য আর পরিজনপূর্ণ গ্রামীণ গেরস্থ পরিবারে ধারণা হতো। দুর্গাকে মনে হতো সেই সংসারের মায়ামণি। বিসর্জনের দিনে আবার মনজুড়ে ঘনিয়ে বসত সেই মায়া: আহা, চলে যাচ্ছ তুমি, মায়ার জননী?বোকা মনে প্রশ্নও জাগত: আচ্ছা সেই সংসারে কি বাবা নেই, প্রতাপশালী কোনো পুরুষ? নিজের বাবার কথা মনে করে আশ্বস্ত হতাম, তাঁর মায়াও কি কম?শরতের সেই দুপুরগুলোয় দুর্গার দশ হাতের ইশারায় দশ দিকেই ছুটতাম। স্কুলের ষাণ্মাসিক পরীক্ষা শেষ। পড়ায় আর মন বসে না শিউলি-চাঁপার গন্ধে। বাড়ির কাছেই হাঁড়িপাড়া পূজামণ্ডপ, সেখান থেকে মালতীনগর, জলেশ্বরীতলা, বক্সীরহাট। আরও সাহস হলে চলে যেতাম শহরের অন্য প্রান্তের কালীতলা, কাটনারপাড়া, চেলোপাড়ার দিকে। মনে হতো জগৎজুড়েই যেন মেলা বসেছে। এ তো গেল দুপুরের কাহিনি। বিকেল-সন্ধ্যায় সেদিকে গেছ তো প্রতিমার দিকে তাকানোর ফুরসত কই? মাময় জগৎ তখন রঙিন মেলাময় হয়ে গেছে। কী আশ্চর্য, মাটিকেও আমরা মা বলি, দেশকেও মা বলি, আর পূজার মেলা মানেই মাটির পাখি, মাটির হাতি-ঘোড়া, মাটির খেলনা, মাটি-বাঁশ-কাঠ আর শোলার সরঞ্জাম। কী অদ্ভুত সুন্দর মাতৃমুখী সংস্কৃতি। আজকাল শরতে কাশ দেখা হয় না, পূজার মহিমা আর মেলার গরিমাও খুঁজে পাওয়া ভার এই অট্টালিকাময় অসুরপুরিতে। ঢাকের বাদ্যও বেশি দূর যেতে পারে না কর্কশ কোলাহলে। পুরোনো বন্ধুরা নেই, কার সঙ্গে মেলায় যাব? কার বাড়িতে লুচি খাব? কারও কাছে তিনি দেবী, কারও কাছে তিনি মায়ের ধারণা। এই দুইয়েই তো ফুটে ওঠে বাঙালির মাতৃমুখী সংস্কৃতির লাবণ্য। সেই লাবণ্য ধুতি-সিঁদুর আর দাড়ি-কামিজ দিয়ে কতটাই বা বোঝা যায়? সেই লাবণ্যে সবারই অবদান, সবারই অধিকার। আকাশে কেউ শূন্য দেখে, কেউ দেখে সাদা মেঘ। ধর্মের দাগে আঁকা পরিচয় যা-ই হোক, দেবীর ভেতর মাকে আবিষ্কার করার শিহরণে কোনো বাধা নেই। যেমন বাধা নেই ঈদে আর পূজায় একই বন্ধুদের সঙ্গে একই হইহল্লায় মাতোয়ারা হতে। দুর্গার আগমনের লগ্ন খুঁজতে পণ্ডিত পঞ্জিকা হাতড়ান; আমরা যারা অসংস্কৃত ও প্রাকৃত—ভীরু বন্যতার শৈশবে সদা তটস্থ—তারা ইশারা খুঁজতাম প্রকৃতি-পুস্তকের পাতায় পাতায়। আচ্ছা, ঘাসের ডগায় শিশির জমছে কি না ভোরে? ফুটছে কি না শিউলি-বকুল? বিকেলের হাওয়ায় শিরশির করছে কি না উদোম গা? এসব সংকেতেই খুলে যেত মনের সিন্দুক। মনে পড়ত গত বছরের ধুলো আর শিশিরমাখা দিনগুলো। ঋতু-ফিতু বুঝতাম না অত, শুধু বুঝতাম মনটা এখন চনমন করবে, ছটফট করবে বেরিয়ে যাওয়ার জন্য। আর এ রকম দৌড়াতে দৌড়াতেই ঢুকে পড়ব শীতের কুয়াশার ভেতর। তার আগে, শরতের একটি দিন মনে দাগ কেটে থাকবে। মেলা ভাঙার সুর ফুটছে যখন, কার যেন চলে যাওয়ার সময় তখন! বগুড়া শহরের শীর্ণ নদীটার কথাও মনে পড়বে তখন। এই নদী করতোয়া, এই নদী দিয়ে কোথাও যাওয়া যায় না আর। তাহলে দেবী তাঁর এই পার্থিব সংসার তুলে, একান্নবর্তী পরিবারের স্ত্রী-পুরুষ-শিশু আর পোষ্য প্রাণীদের নিয়ে কোথায় যাবেন, কীভাবে যাবেন? নদীর বুক তো শুকিয়ে আসছে এই পোড়ার দেশে। মা তাহলে কোন পুণ্যতোয়া জলে বিসর্জনে যাবেন? আমাদের রক্তের মা, ভক্তির মা আর নদীমাতৃক দেশমাতাকে কোলে করে কত দূরেই বা আমরা যেতে পারব হাঁটাপথে? পূজা আসে আর যায়, নদীগুলো আরও শুকায়। সংস্কৃতির লাবণ্যও শুকিয়ে আসে দিনে দিনে।তবু, হাঁটাপথেই তো আমরা এসেছি তোমার কিনারে, হে সভ্যতা। আমরা সাতভাই চম্পা মাতৃকাচিহ্ন কপালে এসে দাঁড়িয়েছি এই বিপাকে—পরিণামে। ফারুক ওয়াসিফ: সাংবাদিক